বার্সায় গোলের খাতা খুলে বাবাকে স্মরণ লেভানদোভস্কির
প্রয়াত বাবাকে গোল উৎসর্গ করে ধারাবাহিকভাবে ভালো খেলার প্রতিশ্রুতি দিলেন পোলিশ তারকা।
নামের পাশে জুড়ে গেছে ‘গোল মেশিন’ তকমা। বেড়েছে প্রত্যাশার চাপও। নতুন ঠিকানায় সমর্থকদের চাওয়া পূরণের পথে জোড়া গোল করে প্রথম পদক্ষেপ নিলেন রবের্ত লেভানদোভস্কি। নিজের জন্মদিনে দুর্দান্ত পারফরম্যান্সের পর পোলিশ তারকা কাতালান ক্লাবটির হয়ে প্রথম গোলটি উৎসর্গ করলেন বাবাকে।
একই সঙ্গে দারুণ এই পারফরম্যান্সের ধারা ধরে রাখার প্রত্যয় জানালেন বায়ার্ন মিউনিখে সাত মৌসুম রাঙিয়ে গত জুলাইয়ে কাম্প নউয়ে যোগ দেওয়া লেভানদোভস্কি।
লা লিগায় রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে বার্সেলোনার ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৪৬ সেকেন্ডেই দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। পরে করেন আরও একটি গোল। তাদের বাকি দুই গোলদাতা আনসু ফাতি ও উসমান দেম্বেলে।
শিরোপাশূন্য ও হতাশাময় ২০২১-২২ মৌসুম শেষে সুদিন ফেরানোর আশায় চলতি গ্রীষ্মের দলবদলে বেশ কয়েকজনকে দলে টানে বার্সেলোনা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও বড় নাম লেভানদোভস্কি। গত কয়েক মৌসুমে বায়ার্নে অসংখ্য গোল করে এবং দলকে অনেক শিরোপা জিতিয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন তিনি।
তাকে ঘিরে তাই বার্সেলোনার চাওয়াও অনেক বেশি। গত সপ্তাহে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে অনেক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলটা এনে দিতে পারেননি তিনি বা দলের অন্য কেউ। তাতে লা লিগায় শুরুর ধাপে হোঁচট খায় দলটি; ঘরের মাঠে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করে।
সেখান থেকে ঘুরে দাঁড়াতে অবশ্য সময় নিল না শাভি এরনান্দেসের দল। উচ্ছ্বসিত লেভানদোভস্কি ম্যাচের পর স্মরণ করলেন বাবাকে।
“নতুন দলে প্রথম গোলটি সবসময় আমার বাবার জন্য, যিনি স্বর্গ থেকে দেখছেন।”
প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, তাতে খুব খুশি এদিন ৩৪ বছর পূর্ণ করা লেভানদোভস্কি।
“এটা অবিশ্বাস্য, দলের পারফরম্যান্সে আমি খুব খুশি ও গর্বিত। দ্বিতীয়ার্ধে আমরা খুব ভালো খেলেছি এবং চারটি গোল করেছি। এখন আমরা বার্সেলোনায় ফিরব এবং আগামী কয়েক দিন উপভোগ করতে পারব।”
সময়ের সঙ্গে সঙ্গে নতুন দলে বেশ ভালোভাবে মানিয়ে নিচ্ছেন বলে জানালেন লেভানদোভস্কি। দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বললেন, তরুণ সতীর্থদের সঙ্গে তার ভালো বোঝাপড়াও হচ্ছে।
“প্রথম ম্যাচটা ভালো কাটেনি আমাদের, সবকিছুই ছিল নতুন। প্রথম কয়েক সপ্তাহে আমাদের একে অপরকে জানতে হবে, বুঝতে হবে এবং ধীরে ধীরে ম্যাচের পারফরম্যান্স আরও ভালো হবে। অনেক তরুণ আছে, যাদের সঙ্গে মাঠে আমার বোঝাপড়া বেশ ভালো হচ্ছে।”
