‘এমবাপেকে ছাড়াও ফ্রান্স খুব শক্তিশালী’
বাছাই পর্বের দুই ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া কিলিয়ান এমবাপে খেলা না খেলা খুব একটা ভাবছেন না নেদারল্যান্ডস কোচ।
নাক ভেঙে যাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে কিলিয়ান এমবাপের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। তারকা এই ফরোয়ার্ড না খেললে স্বাভাবিকভাবেই শক্তি কমবে ফ্রান্সের। তবে রোনাল্ড কুমানের ভাবনা ভিন্ন। ডাচ কোচের মতে, এমবাপে ছাড়াও অনেক শক্তিশালী ফ্রান্স।
এবারের ইউরোতে প্রথম ম্যাচেই ধাক্কা খায় ফ্রান্স। অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের শেষ দিকে সংঘর্ষে এমবাপের নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন তিনি।
ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করে, নাক ভেঙে গেছে এমবাপের। এই চোটের কারণে ডাচ ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। খেললেও মাস্ক পরে খেলতে পারেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
নেদারল্যান্ডসের বিপক্ষে শুক্রবার মাঠের লড়াইয়ে নামবে ফ্রান্স। এই ম্যাচে এমবাপে না খেললেও অবশ্য ফরাসিদের আগের মতোই শক্তিশালী মনে করছেন কুমান।
“সে (এমবাপে) না খেললেও ফ্রান্স খুবই শক্তিশালী দল। তার বদলি খেলোয়াড়ও দারুণ একজন হবে। আমি সত্যিই এসবে মনোযোগ দিতে পারছি না। আমরা যা করতে পারি তা হলো, দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করা এবং যতটা সম্ভব নিজেদের সেরাভাবে প্রস্তুত করা।”
“এমবাপে আছে নাকি নেই তার ওপর সবকিছু নির্ভর করে না। আমরা জানি যে, সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ দুই ম্যাচে তার বড় প্রভাব ছিল।”
ইউরোর বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচেই জোড়া গোল করেছিলেন এমবাপে। ম্যাচ দুটিতে যথাক্রমে ৪-০ ও ২-১ ব্যবধানে হেরেছিল ডাচরা। তবে আসছে ম্যাচে ভালো করতে আত্মবিশ্বাসী কুমান।
“আশা করছি, আগামীকাল প্রমাণ করতে পারব যে আমরা উন্নতি করেছি… আমরা ভালো প্রস্তুতি নিয়েছি, প্রীতি ম্যাচ খেলেছি, আমাদের কৌশল নিয়ে কাজ করার জন্য এখন আরও সময় পেয়েছি এবং আগামীকাল ফ্রান্সের বিপক্ষে আমরা আরও ভালো দল হয়ে উঠব।”
