সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে চুপ গুয়ার্দিওলা
ইংলিশ ক্লাবটি ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন না স্প্যানিশ এই কোচ।
চলতি মৌসুমের পরই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ পেপ গুয়ার্দিওলার। গুঞ্জন রয়েছে, ইংলিশ ক্লাবটি ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন তিনি। তবে সংবাদ সম্মেলনে সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন স্প্যানিশ এই কোচ।
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ অধ্যায় শেষে ২০১৬ সালে সিটিতে যোগ দেন গুয়ার্দিওলা। তার কোচিংয়ে গত ৭ মৌসুমে ছয়বার প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে দলটি। সবশেষ চার মৌসুমে তো তারা চ্যাম্পিয়ন হয় টানা।
অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা গুয়ার্দিওলার কোচিংয়েই জেতে সিটি। ২০২২-২৩ মৌসুমে ইউরোপ সেরা হওয়ার পাশাপাশি এফএ কাপ ও প্রিমিয়ার লিগ জিতে ট্রেবল জয়ের কীর্তি গড়ে দলটি।
চুক্তি অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমই সিটিতে গুয়ার্দিওলার শেষ। তার সঙ্গে নতুন চুক্তি করার কথা এখনও শোনা যায়নি। শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লাবটি ছাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে ৫৩ বছর বয়সী এই কোচ বলেন, “আমি এই বিষয়ে (ক্লাব ছাড়া নিয়ে) কথা বলতে চাই না। যখন এটা ঘটার, ঘটবে।”
সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে শুনানি। গণমাধ্যমের খবর, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে লিগ থেকে অবনমন হতে পারে সিটির, সঙ্গে আরও শাস্তি পেতে হতে পারে।
কঠিন এই সময়ে ক্লাবের পাশে থাকার কথা বরাবরই বলে আসছেন গুয়ার্দিওলা। আরও একবার বললেন একই কথা।
“আমি এই ক্লাবের অংশ, আর সেটা গভীরভাবে অনুভব করি। ক্লাবকে রক্ষার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, ম্যাচ জেতা এবং যতটা সম্ভব নিজের কাজের সেরাটা দেওয়া।”
“অবশ্যই, আমি আমার ক্লাবকে রক্ষা করব। এখানে অনেক, অনেক বছর ধরে কাজ করা সমস্ত লোককে বিশ্বাস করি। আত্মরক্ষার সর্বোত্তম উপায় হলো আমাদের কাজটি সবচেয়ে ভালোভাবে করা, এখানে কাজ করা প্রত্যেকেরই নিজস্ব দায়িত্ব রয়েছে। আমি এই ক্লাবকে ভালোবাসি এবং এটা সবসময় এমনই থাকবে।”
গুয়ার্দিওলাকে মনেপ্রাণে ধরে রাখতে চায় সিটির সমর্থকরা। তাকে থেকে যাওয়ার অনুরোধ করে লেখা ব্যানার ইতিহাদ স্টেডিয়ামে দেখা যায় কারো কারো হাতে। সেটা নিয়ে মজাও করলেন এই কোচ।
“বিলের কাগজটি আমার কাছে তাদের দিতে হবে, ব্যানারের জন্য টাকা আমি দেব। এছাড়া আমি কী বলতে পারি? তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে আসার প্রথম দিন থেকেই প্রেমে পড়ে গিয়েছিলাম।”
“দেখা যাক কি হয়। যখন এটি ঘটার তখন ঘটবে।”
লিভারপুলের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিটি শনিবার ফুলহ্যামের মুখোমুখি হবে। এই ম্যাচে কেভিন ডে ব্রুইনে, নাথান আকে, অস্কার বব ও রদ্রিকে পাবেন না গুয়ার্দিওলা।
