২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৫ মাস পর ফেরার অপেক্ষায় তিনবারের ব্যালন দ’র জয়ী বনমাতি

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমি-ফাইনালের আগে আইতানা বনমাতির পুরোদমে অনুশীলনে ফেরা বার্সেলোনার জন্য বড় সুখবর।

৫ মাস পর ফেরার অপেক্ষায় তিনবারের ব্যালন দ’র জয়ী বনমাতি
বার্সেলোনার তারকা আইতানা বনমাতি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 09:22 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

চোট থেকে সেরে উঠেছেন আইতানা বনমাতি। পুরোদমে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনবারের ব্যালন দ’র জয়ী। এখন ম্যাচে ফিরতে মুখিয়ে আছেন বার্সেলোনার এই স্প্যানিশ তারকা।

গত নভেম্বর জার্মানির বিপক্ষে উয়েফা উইমেন’স নেশন্স লিগের ফাইনালের আগে স্পেন দলের সঙ্গে অনুশীলনের সময় মারাত্মক চোটে পড়েন বনমাতি। তার পায়ের ফিবুলা ভেঙে যায়। পরে শল্যবিদের ছুরিকাঁচির নিচেও যেতে হয় তাকে।

চলতি মাসের শুরুতে অনুশীলনে ফেরেন ২৮ বছর বয়সী বনমাতি। এতদিন কিছু গ্রুপ অনুশীলন করছিলেন তিনি। সম্প্রতি পূর্ণাঙ্গভাবে অনুশীলন শুরু করেন এই মিডফিল্ডার।

সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বার্সেলোনা। সেখানে পুনরায় দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারার আনন্দের কথা জানান বনমাতি।

শুরুতে কিছুটা মজা করে বলেন, “কিছুটা স্নায়ুচাপে ভুগছি। ঠিক যেন গ্রীষ্মের ছুটির পর স্কুলের প্রথম দিনের মতো লাগছে।”

দলকে চলতি মৌসুমে সাফল্যের শিখরে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি, দিলেন সেই প্রতিশ্রুতি।

“আপনাদের অনেকেই এমন চোটে পড়েছেন। তাই জানেন এটা কেমন। এই সময়টা সহজ নয়, তবে আমার মনে হয়, এর মধ্য থেকেও ইতিবাচক কিছু খুঁজে নিয়েছি। সময়টা আমার জন্য বেশ ভালো ছিল। আমার পক্ষ থেকে যতটা সম্ভব অবদান রাখতে এখন আমি প্রস্তুত। দল যে দারুণ মৌসুম কাটাচ্ছে এবং যে লক্ষ্য এখনও অর্জনের বাকি, তাতে ভূমিকা রাখতে চাই। (মৌসুমে) সর্বোচ্চ আর দেড় মাসের মতো বাকি এবং আমার বিশ্বাস, আমরা সফল হবো।”

চলতি মৌসুমে কোয়াড্রপল জয়ের লক্ষ্যে দারুণভাবে ছুটছে বার্সেলোনা। আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বনমাতির ফেরা বার্সেলোনা দলের জন্য বড় সুখবর।