‘অবিশ্বাস্য’ ইয়ামালের বিশ্রামের প্রয়োজন দেখছেন না বার্সা কোচ
তরুণ এই স্প্যানিশ উইঙ্গারের পারফরম্যান্সে খুবই খুশি হান্সি ফ্লিক।
এই মৌসুমে বার্সেলোনার হয়ে প্রতিটা ম্যাচেই শুরুর একাদশে খেলছেন লামিনে ইয়ামাল। বয়স বিবেচনায় এখন তার বিশ্রামের প্রয়োজন আছে কি-না, এই প্রশ্ন তাই উঠে যাচ্ছে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক অবশ্য আপাতত তেমন কিছুর প্রয়োজনীয়তা দেখছেন না। জার্মান এই কোচের চোখে, মৌসুমে তরুণ স্প্যানিশ উইঙ্গারের পারফরম্যান্স অবিশ্বাস্য।
স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে আসার পর এখন পর্যন্ত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার সাত ম্যাচের সবগুলোতে শুরুর একাদশে ছিলেন ১৭ বছর বয়সী ইয়ামাল। দারুণ ছন্দেও আছেন তিনি। ৪টি গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৫টি।
সাত ম্যাচের পাঁচটিতেই তিনি খেলেছেন পুরো নম্বই মিনিট। অন্য খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হলেও, ৮০ মিনিটের আগে কোনো ম্যাচে তুলে নেওয়া হয়নি তাকে।
লা লিগায় প্রথম ছয় ম্যাচের সবগুলোই জেতা বার্সেলোনা বুধবার গেতাফের বিপক্ষে খেলবে ঘরের মাঠে। আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিককে প্রশ্ন করা হয়, এই ম্যাচে ইয়ামালকে বিশ্রাম দেওয়া হবে কি-না। বার্সেলোনা কোচ তুলে ধরেন তার ভাবনা।
“খেলোয়াড়দের থেকে আমাদের কাছে সকল তথ্য রয়েছে এবং এই মুহূর্তে বিষয়টি এমন নয় যে, তার বিশ্রামের প্রয়োজন। এই মুহূর্তে সবকিছু ঠিক আছে। সে ভালো বোধ করছে। আমি মনে করি না, (গেতাফের বিপক্ষে) তার বিশ্রামের প্রয়োজন। একটি দারুণ দলের বিপক্ষে ঘরের মাঠে ভালো শুরু করাটাও গুরুত্বপূর্ণ।”
“লামিনে ইয়ামাল এই মৌসুমে যা করছে, তা অবিশ্বাস্য। তার এই বয়সে সে সত্যিই অবিশ্বাস্য, দুর্দান্ত সব কাজ করছে সে।”
তাই প্রশ্নটি উঠেই গেল, ইয়ামালই কি তাহলে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার?
“সে কি (বিশ্বের) সেরা? আমি মনে করি, সে ভবিষ্যতের সেরা খেলোয়াড় হতে পারে, শতভাগ নিশ্চিত।”
সবশেষ গত রোববার লিগে ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে পুরোটা সময় দারুণ খেলেন ইয়ামাল। তার একটি শট লাগে পোস্টে, একটি পেনাল্টি আদায় করে নেন তিনি, চমৎকার এক পাসে দলের পঞ্চম গোলে রাখেন অবদান।
ম্যাচে তাকে বেশ কিছু অপ্রয়োজনীয় ফাউল করে ভিয়ারেয়ালের খেলোয়াড়রা। কড়া ট্যাকল করা হয় দুবার। তবে রেফারি সবকিছু যেভাবে সামলেছেন, তাতে খুশি ফ্লিক।
“ম্যাচ অফিসিয়ালরা ভালো করেছে। তারা যত্ন নেয় এবং হলুদ কার্ড দেয়, এটা ভালো। আমরা এই খেলোয়াড়দের যত্ন নিই, কারণ তারা বল পায়ে অবিশ্বাস্য। আমি জানি, কারণ আমি রক্ষণভাগের খেলোয়াড় ছিলাম, তাদের (ডিফেন্ডার) বিপক্ষে খেলা সহজ নয়। আমাদের এই পরিস্থিতিগুলো দেখতে হবে এবং দেখতে হবে রেফারি কী সিদ্ধান্ত দেয়।”
ভিয়ারেয়ালের বিপক্ষে প্রথমার্ধে লাফিয়ে বল ধরার চেষ্টায় বাজেভাবে পড়ে গুরুতর চোট পেয়েছেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ৩২ বছর বয়সী এই তারকার ডান পায়ের ‘প্যাটেলা টেন্ডন’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। বাকি মৌসুমে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, টের স্টেগেনের শূন্য জায়গা পূরণে ফ্রি এজেন্টের একজন গোলরক্ষক দলে টানার কথা ভাবছে বার্সেলোনা।
ফ্লিক যদিও রিজার্ভ গোলরক্ষক ইনাকি পেনার ওপর পূর্ণ আস্থা রাখছেন। দলবদলের বাজারে নামতে হবে কি-না, তা নিয়ে ক্লাব আলোচনা করবে বলেও জানান তিনি।
“দ্বিতীয় গোলরক্ষকের জন্য সবসময় মনোযোগ দেওয়া কঠিন, তবে ইনাকি আছে এবং সে খেলতে প্রস্তুত। তার ওপর আমাদের আস্থা আছে, তবে আমরা কী করছি সেটাও আমাদের দেখতে হবে। যদি আমরা কিছু পরিবর্তন করি, আমাদের সে বিষয়ে যত্ন নিতে হবে। আমরা চাপের মধ্যে নেই, আমরা ইনাকির প্রতি সত্যিই আত্মবিশ্বাসী।”
টের স্টেগেনকে নিয়ে বার্সেলোনার চোটে পড়া খেলোয়াড়ের সংখ্যা পৌঁছে গেছে আটে। আগে থেকে বাইরে আছেন রোনাল্দ আরাউহো, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, মার্ক বের্নাল, ফ্রেংকি ডি ইয়ং, গাভি, ফের্মিন লোপেস ও দানি ওলমো। তাদের কাউকে গেতাফের বিপক্ষে পাবে না বার্সেলোনা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন ফেররান তরেস।
৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।
