হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক, ‘অপ্রতিরোধ্য হলান্ড’
‘এই হলান্ডকে আটকে রাখা অসম্ভব’, টানা দুই হ্যাটট্রিক করা স্ট্রাইকারকে নিয়ে বলছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
ম্যাচের বয়স তখন ৩০ মিনিট পেরিয়েছে মোটে। ধারাভাষ্যকার বললেন, “এখনও পর্যন্ত মাত্র সাতবার বলে স্পর্শ করেছেন আর্লিং হলান্ড। কিন্তু এর মধ্যেই তিনি হ্যাটট্রিকের কাছে। মাঠে তাকে বল পায়ে চোখে পড়বে হয়তো সবচেয়ে কম সময়, কিন্তু তার কার্যকারিতা সবচেয়ে বেশি।” এটা তিনি প্রমাণ করেছেন অনেকবারই। এই ম্যাচও ছিল তেমনই এক ম্যাচ। ঠিকই করেছেন আরেকটি হ্যাটট্রিক!
ম্যাচের পর ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বলছেন, এই হলান্ডকে আটকানো অসম্ভব।
এসব প্রশংসা, এত স্তুতি, সবই মনে হতে পারে পুরোনো। আদতেও সবই পুনরাবৃত্তি। হলান্ডের পারফরম্যান্সেও যে পুনরাবৃত্তি চলছে!
গত সপ্তাহেই ইপ্সউইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেটির রেশ থাকতে থাকতেই শনিবার উপহার দেন আরও একটি হ্যাটট্রিক। ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।
এবারই প্রথম নয়, টানা দুই ম্যাচে হ্যাটট্রিক তিনি আগেও করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক দুই দফায় করা দ্বিতীয় ফুটবলার তিনি। আগে এই কীর্তি গড়েছিলেন কেবল হ্যারি কেইন।
আট হ্যাটট্রিক নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ হ্যাটট্রিক হলান্ডের। অথচ এখানে তার মাত্র তৃতীয় মৌসুমের শুরু হলো। বয়স এখনও কেবল ২৪।
সব মিলিয়ে সিটির জার্সিতে ১১ হ্যাটট্রিক হয়ে গেল তার।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে এই ম্যাচের হ্যাটট্রিকে তার তিনটি গোলই ছিল দারুণ ফিনিশিংয়ের ফল। একজন জাত স্ট্রাইকার যেমন করেন।
আগের ম্যাচে তার হ্যাটট্রিকের পর গুয়ার্দিওলা বলেছিলেন, গোল করার দিক থেকে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে তুলনা করার মতো হলান্ড। একই কথা অবশ্য তিনি আগেও বলেছেন। এবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে হ্যাটট্রিকটি যেভাবে করেছেন এই ফরোয়ার্ড, তাতে আরও একবার মুগ্ধতার শেষ নেই সিটি কোচের।
“প্রথম গোলে, বের্নার্দো (সিলভা) বলটি পেয়ে পাস দেয়, এরপর তার (হলান্ড) ফিনিশিং, পরের গোলে তার জোরাল শট, কিংবা তৃতীয় গোলে যেভাবে জায়গা বানিয়ে ছুটেছে, এটাকে বলা যায় অপ্রতিরোধ্য। কোনো সেন্ট্রাল ডিফেন্ডারের পক্ষে আটকানো সম্ভব নয়। এত গতিময়, এতটা শক্তিশালী… এটা স্রেফ অসম্ভব।”
সিটিতে নাম লেখানোর পর গত দুটি মৌসুমেই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন হলান্ড। গত মৌসুমটি অবশ্য আগের মৌসুমের মতো অতটা দুর্দান্ত ছিল না। চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। আরও কিছু ম্যাচ খেলতে হয়েছিল অস্বস্তি নিয়ে। তারপরও ২৭ গোল করেছিলেন তিনি।
এবার চোট নেই, ক্লান্তি নেই। প্রথম তিন ম্যাচেই হয়ে গেছে সাত গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে মৌসুমের প্রথম তিন ম্যাচে এত গোল আর ছিল না কারও।
আগের ম্যাচের পরই হলান্ড বলেছিলেন, চোট ও ক্লান্তিমুক্ত থাকতে পারাতেই মৌসুমের শুরুটা এতটা ভালো হয়েছে তার। এই ম্যাচে হ্যাটট্রিকের পর স্কাই স্পোর্টসকে একই কথা বললেন তিনি।
“খুব ভালো অনুভব করছি। প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছে। মৌসুম শেষে লম্বা ছুটি পেয়েছিলাম, প্রাক-মৌসুমেও লম্বা প্রস্তুতি নিতে পেরেছি। এখানে আসার পর সবকিছু খুব দ্রুত এগোচ্ছিল। এখন কিছুটা বিশ্রাম পেয়েছে আমার শরীর ও পা। এখন আমি আরও বেশি কিছুর জন্য তৈরি।”
