নতুন ভূমিকায় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ফন নিস্টলরয়
ক্লাবের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজনকে আবার দেখা যাবে ডাগআউটে।
দুঃসময়ের আঁধার কাটানোর আশায় ক্লাবের সুসময়ের এক সেনানীকে ফিরিয়ে আনছে ম্যানচেস্টার ইউনাইটেড। আবার তাদের ডাগআউটে দেখা যাবে রুড ফন নিস্টলরয়কে। এই ৪৮ বছর বয়সে তো আর মাঠে নেমে দলকে সহায়তা করতে পারবেন না তিনি। ক্লাবের সর্বকালের সেরা স্ট্রাইকাদের একজন ফিরছেন সহকারী কোচ হয়েছে।
সম্প্রতি প্রধান কোচ এরিক টেন হাগের চুক্তির মেয়াদ বাড়ার পর ইউনাইটেডের কোচিং স্টাফের অন্য সদস্যদের পালাবদল চলছে। মিচেল ফন ডার গাগ ও বেনি ম্যাকার্থিকে বিদায় করা হয়েছে। সেখানেই নিয়োগ পেয়েছেন ফন নিস্টলরয় ও আরেক ডাচ কোচ রেনে হেকে।
গত কয়েকদিনে খবরটি সংবাদমাধ্যমে ছড়িয়েই পড়েছিল। অবশেষে বৃহস্পতিবার বিবৃতিতে তা নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রায় দুই দশকের খেলায়াড়ি জীবনে সাতটি ক্লাবে খেলেছেন ফর নিস্টলরয়। ইউনাইটেডে যোগ দেওয়ার আগে পিএসভি আইন্দহোভেনে তার রেকর্ড দুর্দান্ত, ইউনাইটেড ছাড়ার পর রেয়াল মাদ্রিদের জার্সিতেও তিনি ছিলেন বেশ উজ্জ্বল। তবে ফুটবলবিশ্ব তাকে চেনে ইউনাইটেডের ফন নিস্টলরয় হিসেবেই। তার ক্যারিয়ার ও এই ক্লাব বলা যায় সমার্থক।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যস্ত ওল্ড ট্র্যাফোর্ডে ছিলেন ফন নিস্টলরয়। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫০ ম্যাচ খেলে করেছেন ৯৫ গোল। ৩৫ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে তিনি এখনও ইউনাইটেডের সফলতম গোল স্কোরার। নেদারল্যান্ডসের হয়েও তিনি করেছেন ৩৫ গোল।
২০১২ সালে খেলা ছাড়ার পর ২০১৩ সালে আইন্দহোভেনের অনূর্ধ্ব-১৭ দলকে দিয়ে তিনি নাম লেখান কোচিংয়ে। ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। পরে আবার ফেরেন আইন্দহোভেনে। ২০১৮ সালে ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নেন। সেই দায়িত্বের পাশাপাশি ২০২০ ইউরোতে আবার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন তিনি।
২০২১ সালে আইন্দহোভেন শহরেরই ক্লাব ইয়ং পিএসভির দায়িত্ব নেন। প্রথম বড় দায়িত্ব নেন ২০২২ সালে পিএসভি আন্দহোভেনের প্রধান কোচ হিসেবে। তার কোচিংয়ে ২০২২-২৩ মৌসুমে ডাচ লিগে দ্বিতীয় হয় ক্লাবটি, শিরোপা জয় করে ডাচ লিগে। কিন্তু ক্লাবের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ার কথা জানিয়ে মৌসুমের শেষ দিকে দায়িত্ব ছেড়ে দেন।
এবার তিনি ফিরলেন চেনা আঙিনায়। তার নিজের জন্য, ক্লাব ও সমর্থকদের জন্যও বেশ আবেগময় ফন নিস্টলরয়ের এই ফেরা। ইউনাইটেডের ক্রীড়া পরিচালক ড্যান অ্যাশওর্থের বিবৃতিতেই তা ফুটে উঠল।
“এরিকের (টেন হাগ) সঙ্গে মিলে আমরা চেষ্টা করছি আমাদের দল পরিচালনার নানা দিক তরতাজা করে তুলতে এবং সেটির গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কোচিং স্টাফ নতুন করে গোছানো।”
“বিশেষ করে, রুডকে ক্লাবে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি, যে ক্লাবে সে খেলোয়াড়ি জীবনে অনেক সাফল্য পেয়েছে। আমরা যে জয়ী মানসিকতা ও উঁচু মানের খোঁজ করছি, আশা করি রুড ও রেনে মিলে তা পেতে সহায়তা করবেন দলকে।”
রেনে হেকের খেলোয়াড়ি জীবনে বলার মতো কিছুই নেই। তবে কোচ হিসেবে তিনি নেদারল্যান্ডসে বেশ পরিচিত। ৩২ বছর বয়সে কোচিংয়ে আসার পর গত ২০ বছরে বিভিন্ন পর্যায়ের ডাচ ক্লাবকে কোচিং করিয়েছেন। দেশের বাইরে এবং বড় ক্লাবে তিনি দায়িত্ব পেলেন এই প্রথম।
নতুন দুই সহকারীকে পেয়ে নতুন দিনের আশায় ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ।
“রেনে ও রুড আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমি উচ্ছ্বসিত। অনেক অভিজ্ঞতা, ধারণা ও নতুন প্রাণশক্তি নিয়ে আসছেন তারা। কোচিং স্টাফ পুনর্গঠন করার ভালো সময় এখন। গত দুই বছরের অর্জনকে সামনে আমরা বয়ে নিতে চাই নতুন উচ্চতায়।”
