২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এসএ গেমসের সোনা জয়ী ফাতেমাকে ছাড়াই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ

চোটের কারণে এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না গত এসএ গেমসে সোনা জয়ী ফাতেমা মুজিব।

এসএ গেমসের সোনা জয়ী ফাতেমাকে ছাড়াই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ
ফাতেমা মুজিব। ছবি: ফেন্সিং ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ফেন্সিংয়ে বাংলাদেশের একমাত্র সাফল্য পাওয়া ফাতেমা মুজিবের হাত ধরে। গত এসএ গেমসে দেশকে প্রথম এই ইভেন্ট থেকে সোনা এনে দিয়েছিলেন তিনি। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ফেন্সারের অনুপস্থিতিতেই শুরু হচ্ছে জুলাই রেভ্যুলিউশন চ্যাম্পিয়নশিপ।

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। দুই দিনের এই আসরের অংশ ফাতেমা হতে পারছেন না বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম।

“ফাতেমা মুজিবের চোট দুঃখজনক। আমাদের সহযোগিতায় নৌবাহিনীর মাধ্যমে সিএমএইচে তার অপারেশন করানো হয়েছে। সফল অস্ত্রোপচার হয়েছে। তবে চিকিৎসক রেস্ট্রিকশন দিয়েছেন। অন্তত চার মাস তার বিশ্রামের প্রয়োজন। আমরা চেষ্টা করেছি তাকে আনার জন্য, কিন্তু হয়নি। তবে তার কাছাকাছি মানের ফেন্সার আমাদের আছে।”

“এখন আমাদের ট্রেনিং হচ্ছে এবং বিদেশি কোচ আসার পরে ওই কমতিটুকু আমরা পুষিয়ে নেব। তবে একটা মানসিক চাপ তো দলে থাকেই। তবে আশা করছি এই সমস্যা আমরা কাটিয়ে উঠব।”

২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে প্রথমবার অংশ নিয়েই সোনা জেতেন ফাতেমা। ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম এসএ গেমস সামনে রেখে ফেন্সিংয়ে ক্যাম্পও শুরু হয়েছে, প্রস্তুতি নিতে গিয়েই হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি।

এবারের চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের প্রায় ১৭৫ জন ফেন্সার।