এমবাপের চাওয়া ‘আরও বেশি কিছু’
রেয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক মৌসুমে রেকর্ড গড়া পারফরম্যান্সের পর ফরাসি ফরোয়ার্ডের ভেতর আরও বেশি কিছুর তাড়না দেখছেন কোচ শাবি আলোন্সো।
রেয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক মৌসুমেই রেকর্ড গড়া পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন কিলিয়ান এমবাপে। নতুন মৌসুমে তিনি পেয়েছেন গর্বের ১০ নম্বর জার্সি। সেই জার্সির প্রেরণায় হোক বা নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়নায়, ফরাসি ফরোয়ার্ডের ভেতর আরও বেশি কিছুর তীব্র ক্ষুধা দেখতে পাচ্ছেন কোচ শাবি আলোন্সো।
নতুন মৌসুমের প্রথম ম্যাচে অবশ্য অসাধারণ কিছু করতে পারেননি এমবাপে। তবে গত মৌসুমের সর্বোচ্চ স্কোরার নতুন মৌসুম শুরু করেছেন গোল দিয়েই। তার গোলেই লা লিগার শিরেপা পুনরুদ্ধার অভিযান শুরু করেছে রেয়াল মাদ্রিদ।
তুমুল আলোচিত দলবদলে পিএসজি থেকে রেয়াল মাদ্রিদে নাম লেখানোর পর গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেন এমবাপে। মৌসুমে রেয়ালের সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েন তিনি। তবে দলের জন্য মৌসুমটি ছিল হতাশাজনক।
নতুন কোচ শাবি আলোন্সোর কোচিংয়ে ক্লাব বিশ্বকাপে রেয়ালের পথচলা থেমে গেছে সেমি-ফাইনালে পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে। নতুন মৌসুম শুরু করেছে তারা মঙ্গলবার এমবাপের গোলে ওসাসুনার বিপক্ষে জয় দিয়ে।
আলোন্সো কোচের দায়িত্ব নেওয়ার পর খুব বেশি দিন হয়নি এখনও। তবে এমবাপে ভালোভাবেই নজর কাড়তে পেরেছেন তার কোচের। ১০ নম্বর জার্সি পেয়ে এই ফরোয়ার্ড আরও বেশি উজ্জীবিত কি না, এই প্রশ্ন উঠল। কোচ সে ব্যাপারে নিশ্চিত নন। তবে তার চোখ এড়ায়নি তারকা ফরোয়ার্ডের বাড়তি উদ্যম।
“আমার মনে হচ্ছে, সে আরও বেশি চায়… বেশি কিছু করতে চায়। প্রথম দিন থেকেই সেটা বুঝতে পারছি আমি। জানি না, সেটি ১০ নম্বর জার্সির তাড়না বা প্রেরণায় কি না, তবে তার ইচ্ছেটা দৃশ্যমান।”
ওসাসুনার বিপক্ষে জয়টা খুব সহজে আসেনি রেয়ালের। যদিও ১-০ গোলের ব্যবধান শুনলে যেমন কষ্টের জয় মনে হয়, তেমন কিছু এটা ছিল না। ম্যাচজুড়ে দাপট ছিল রেয়ালের। ম্যাচের ৭১ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলে ১৮টি শট নেয় তারা, এর ৫টি ছিল লক্ষ্যে। তবে বেশির ভাগ সময় ৫-৬ জনের ডিফেন্স লাইন রেখে ওসাসুনা বেছে নিয়েছিল রক্ষণাত্মক ফুটবলের কৌশল। সেই রক্ষণভাগে চিড় ধরাতে ভুগতে হয় রেয়ালকে।
গত মৌসুম শেষে পর্যাপ্ত বিশ্রাম বা যথেষট প্রস্তুতি, কিছুই হয়নি রেয়ালের। ঘাটতির কিছু জায়গা তাই দেখছেন এমবাপে। তবে জয় দিয়ে মৌসুম শুরু করতে পারায় খুশি ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।
“কোচ চাইছিলেন আমরা যেন বলের নিয়ন্ত্রণ প্রচুর রাখতে পারি এবং এক পাশ থেকে আরেক পাশে খেলতে পারি, অন্য দল যেন খেলার জায়গা খুব বেশি না পায়। প্রথমার্ধে যথেষ্ট জায়গা পাইনি আমরা। দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পেয়েছি। নিয়ন্ত্রণ ও সুযোগ অনেক বেশি ছিল আমাদের, আরেকটি গোল করার আশাও ছিল, তবে তা ধরা দেয়নি।”
“কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। মাত্রই ছুটি থেকে ফিরেছি আমরা। জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানতাম কাজটি কঠিন হবে, ওসাসুনার পরিষ্কার পরিকল্পনা ছিল নিচে নেমে খেলার। জিততে পেরে আমরা খুশি, সামনে আরও জয়ের লক্ষ্যে এগোব।”
