শীর্ষে থেকেই বছর শেষ আর্জেন্টিনার
ফিফা র্যাঙ্কিংয়ে এই বছরের শেষ হালনাগাদে শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন; বদল আসেনি বাংলাদেশের অবস্থানেও।
বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি আর্জেন্টিনা। তাতে অবশ্য ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। চূড়ায় থেকেই নতুন বছরে পা রাখবে বিশ্ব চ্যাম্পিয়না।
নভেম্বরের পুরুষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির সাত দিন পর বৃহস্পতিবার ২০২৪ সালে শেষবারের মতো র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। তালিকার শীর্ষ পাঁচেই নেই কোনো পরিবর্তন।
এই মাসে খেলা দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মাঠে হেরে যায় আর্জেন্টিনা, ২-১ গোলে। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এতে তাদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে।
উয়েফা নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচে একটি করে জয় পাওয়া ও ড্র করা ফ্রান্সের পয়েন্টও সামান্য কমেছে, তারা আছে দুইয়ে। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের দুটি স্থানে আছে দল দুটি।
অনেক দিন ধরে ব্যর্থতার চাদরে বন্দি ব্রাজিল গত মাসে হতাশা কাটিয়ে ওঠার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু এই মাসে আবার তারা পথ হারিয়ে ফেলেছে। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করা দলটি আছে পাঁচ নম্বরে।
এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম। নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা।
আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জার্মানি।
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্র সামনে রেখে র্যাঙ্কিংয়ে উন্নতির প্রত্যাশায় মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। কিন্তু হেরে যায় প্রথম ম্যাচেই। তবে দ্বিতীয়টি জিতে র্যাঙ্কিংয়ে আগের মতো ১৮৫ নম্বর অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
