২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডার্মস্টাডের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য তাকে বায়ার্নে আনা হয়নি’, কেইনের সমালোচনায় হামান

নিজেকে প্রমাণের জন্য ইংলিশ স্ট্রাইকারকে বড় ম্যাচে ভালো করতে হবে বলে মনে করেন ডিটমার হামান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 06:59 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

বায়ার্ন মিউনিখের হয়ে এখন পর্যন্ত ৫৩ ম্যাচে হ্যারি কেইনের গোল ৫৪টি। নিঃসন্দেহে উজ্জ্বল পরিসংখ্যান। তবে ডিটমার হামানের মতে, মোটা অঙ্কে দলে টানার প্রমাণ এখনও দিতে পারেননি ইংলিশ স্ট্রাইকার। বিশেষ করে, বড় ম্যাচে জ্বলে উঠতে না পারায় তার কড়া সমালোচনা করেছেন সাবেক জার্মান মিডফিল্ডার।

গত মৌসুমে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেন কেইন। দলটির হয়ে প্রথম মৌসুমে বুন্ডেসলিগায় ৩৬টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেন তিনি ৪৫ ম্যাচে। 

চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৮ ম্যাচে তার গোল ১০টি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে দিনামো জাগরেবের বিপক্ষে দলের ৯-২ গোলের জয়ে তিনি একাই করেন ৪টি। তিনটি যদিও পেনাল্টি থেকে। বুন্ডেসলিগায় হলস্টেইনের বিপক্ষে ৬-১ ব্যবধানের জয়ে করেন হ্যাটট্রিক। জালের দেখা পান উল্ম, ফ্রাইবুর্ক ও ভার্ডার ব্রেমেনের বিপক্ষেও।

তবে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে গোল করতে পারেননি কেইন। ভিলা পার্কে ম্যাচটি ১-০ গোলে হেরে যায় বায়ার্ন। এর আগে বুন্ডেসলিগায় শিরোপাধারী বায়ার লেভারকুজেনের বিপক্ষে ১-১ ড্র ম্যাচেও গোল পাননি ৩১ বছর বয়সী তারকা। 

বায়ার্নে ক্যারিয়ার শুরুর পর ইংলিশ ফুটবলে নিউক্যাসল ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটিতে খেলা হামান বৃহস্পতিবার স্কাই জার্মানিতে নিজের কলামে লেখেন, সামর্থ্য প্রমাণে বড় ম্যাচে ভালো করতে হবে কেইনকে।   

“বার্মিংহ্যামে (অ্যাস্টন ভিলার মাঠে) হ্যারি কেইনের ব্যক্তিগতভাবে নিষ্প্রাণ সন্ধ্যা কেটেছে। গ্রীষ্মে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর বলেছিলাম, তাকে এখনও প্রমাণ করতে হবে যে, সে ১০ কোটির (ট্রান্সফার ফি) যোগ্য, যদিও গত বছর সে ৩০টির বেশি গোল করেছে।”

“ডার্মস্টাডের (জার্মান ফুটবলে দ্বিতীয় স্তরের দল) বিপক্ষে হ্যাটট্রিক করার জন্য তাকে দলে আনা হয়নি। লেভারকুজেন ও অ্যাস্টন ভিলার বিপক্ষে গোল করার জন্য এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে গোল করার জন্য তাকে আনা হয়েছে। যা এখনও সে করতে পারেনি। এই তারকা স্ট্রাইকারকে নিয়ে আমার এখনও সংশয় আছে।”

গত মৌসুমে বুন্ডেসলিগায় ছিল ডার্মস্টাড। প্রথম দেখায় তাদের বিপক্ষে ৮-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন কেইন। ফিরতি দেখায় দলের ৫-২ ব্যবধানে জয়ে একটি গোল করেছিলেন তিনি।

গতবার চাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে কেইন গোল করেন ৮টি। সেমি-ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নেয় বায়ার্ন। কেইন ব্যক্তিগতভাবে আলো ছড়ালেও, ২০১১-১২ মৌসুমের পর প্রথমবার শিরোপাহীন মৌসুমে কাটে মিউনিখের দলটির।

ইংলিশ অধিনায়ক কেইন পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি।

নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির হাত ধরে এই মৌসুমে ঘরোয়া লিগে শুরুটা ভালো হয়েছে বায়ার্নের। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। নিজেদের পরের ম্যাচে রোববার তারা খেলবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে, ১২ পয়েন্ট নিয়ে যারা আছে দুইয়ে।