২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে আসর চেলসির জন্য ‘বিশ্বের সেরা টুর্নামেন্ট’

প্রথম ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষ চারটি টুর্নামেন্টের সবকটিই জয়ের কীর্তি গড়ার হাতছানিতে রোমাঞ্চিত চেলসি কোচ।

যে আসর চেলসির জন্য ‘বিশ্বের সেরা টুর্নামেন্ট’
কনফারেন্স লিগ জিতে ইতিহাস গড়তে চায় চেলসি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 10:39 AM

Updated : 26 Aug 2026, 12:48 PM

গত ১৩ বছরের মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি ইউরোপা লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে চেলসি। বছর চারেক আগে জিতেছে ক্লাব বিশ্বকাপও। এই দলের জন্য তো উয়েফা কনফারেন্স লিগে খেলা অনেকটাই বিব্রতকর। কিন্তু কোচ এন্টসো মারেস্কা গোটা দলকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে, তাদের জন্য এটিই বিশ্বের সেরা প্রতিযোগিতা। সেই আসর জিতে এখন ইতিহাস গড়তে চান তারা।

কনফারেন্স লিগের ফাইনালে বুধবার রেয়াল বেতিসের মুখোমুখি হবে চেলসি। 

কাড়ি কাড়ি অর্থ খরচ করেও গত কয়েক বছরে প্রত্যাশিত সাফল্যের ধারেকাছে যেতে পারেনি ক্লাবটি। মারেস্কা কোচের দায়িত্ব নেওয়ার পর সবকিছু শুরু করেছেন একরকম নতুন করে। আকাশচুম্বি প্রত্যাশাকে দূরে রেখে আস্তে আস্তে নিজেদের খুঁজে পাওয়া ও আবার মাথা উঁচু করে দাঁড়ানোর অভিযান শুরু করেছেন তিনি। 

সেই চেষ্টায় এবার যথেষ্টই সফল এই কোচ। তাদের বড় একটি লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ফিরে পাওয়া। তীব্র লড়াইয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে ক্লাবটি আগামী মৌসুমে ফিরতে যাচ্ছে ইউরোপের শীর্ষ লিগে। 

কিন্তু এই মৌসুমে আরেকটি বড় ম্যাচ তাদের বাকি। যেটি জিতলে তাদের ট্রফি কেসে জায়গা পাবে আরেকটি ইউরোপিয়ান ট্রফি। যদিও এটি তৃতীয় ধাপের মহাদেশীয় আসর এবং দলকে উজ্জীবিত করতে প্রবল ভুগতে হয়েছে মারেস্কার, কিন্তু এখন ইতিহাস গড়ার হাতছানিতে গোটা দল রোমাঞ্চিত।

“কনফারেন্স কাপ গুরুত্বপূর্ণ। আমাদের জন্য তো প্রথম দিন থেকেই গুরুত্বপূর্ণ। এই মৌসুমের সবচেয়ে জটিল কাজ ছিল সম্ভবত ফুটবলারদেরকে এটা বোঝানো যে, আমাদের জন্য কনফারেন্স লিগই বিশ্বের সেরা প্রতিযোগিতা। কারণ, আমরা ইউরোপে এই টুর্নামেন্টেই খেলছি।”

“জিততে পারলে আমি খুবই খুশি হব, বিশেষ করে এই ক্লাব, ক্লাবের সমর্থকদের জন্য। পাশাপাশি এই কারণেও যে, প্রথম ক্লাব হিসেবে শীর্ষ চারটি ইউরোপিয়ান ট্রফি জিতবে চেলসি। জিততে পারলে এদিক থেকেও ভালো হবে যে, আমরা জয়ী একটি মানসিকতা গড়ে তুলতে পারব।” 

চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ের আগে ১৯৭১ সালে ও ১৯৯৮ সালে উয়েফা কাপ উইনার্স কাপ জিতেছিল চেলসি। ওই টুর্নামেন্ট পরে বিলুপ্ত হয়ে যায়। চারটি ইউরোপিয়ান টুর্নামেন্ট বলতে সেটিই বুঝিয়েছেন মারেস্কা।

তারুণ্যে ভরা দল নিয়ে এই মৌসুমের পারফরম্যান্সে এখনও পর্যন্ত সন্তুষ্ট মারেস্কা। তবে জয়ের মানসিকতা পোক্ত করতে কনফারেন্স লিগের জয়টা তার কাছে গুরুত্বপূর্ণ। 

“প্রতিটি ম্যাচই দেখানোর সুযোগ যে, আমরা কতটা উন্নতি করছি এবং আমরা ট্রফি জিততে চাই। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে তরুণ দল আমরা। তবে আমরা যথেষ্ট পরিণতও, লড়াই করতে পারি।”

“দলের প্রতি গত ৪৮ ঘণ্টায় বার্তা ছিল, অবশ্যই আমরা দারুণ গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য অর্জন করতে পেরেছি (চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়ে)। তবে আমরা যদি এটা নিশ্চিত করতে চাই যে, গুরুত্বপূর্ণ একটি ক্লাব হয়ে উঠছি আমরা, তাহলে এই ট্রফি জয় এবং একের পর এক ম্যাচ জয়ের তাড়না আমাদের দেখাতে হবে।”