ফ্লিকের কোচিংয়ে ‘আরও আক্রমণাত্মক হয়ে উঠবে’ বার্সেলোনা
অবশ্য নিজের ফুটবল কৌশলে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন দেখছেন না হান্সি ফ্লিক।
বার্সেলোনা সবসময়ই পাসিং ফুটবল খেলে থাকে। নানা সময়ে নতুন কোনো কোচের হাত ধরে সেই কৌশলে মাঝেমধ্যে কিছুটা পরিবর্তন আসলেও, মূল ধারায় কখনোই বড় পরিবর্তন চোখে পড়েনি। নতুন কোচ হান্সি ফ্লিকও তেমন কিছু চান না। কেবল দলের প্রথাগত ধারার সঙ্গে জুড়ে দিতে চান তার নিজস্ব ধরন।
তাতে ফ্লিকের কোচিংয়ে সামনের মৌসুমে আরও বেশি আক্রমণাত্মক, সোজাসুজি আক্রমণ শাণাতে দেখা যেতে পারে কাতালুনিয়ার ক্লাবটিকে।
পাসিং ফুটবলের সঙ্গে সোজাসুজি আক্রমণ শাণানোর কৌশল মাঠে কার্যকর হলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার প্রমাণ রেখেছে স্পেন। গতি আর নান্দনিক ফুটবলের পসরা মেলে ধরে সাত ম্যাচের সবগুলো জিতে ইউরোর ট্রফি উঁচিয়ে ধরে লুইস দে লা ফুয়েন্তের দল।
শাভি এর্নান্দেসকে ছাঁটাই করে গত মে মাসে দুই বছরের চুক্তিতে ফ্লিককে দায়িত্ব দেয় বার্সেলোনা। ট্রফিশূন্য মৌসুম কাটানোর পর দলটি এখন এই জার্মান কোচের হাত ধরে ঘুরে দাঁড়ানোর আশায় আছে।
সম্প্রতি বার্সা ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লিক শোনান আশার বাণী। সঙ্গে দেন আরও আক্রমণাত্মক খেলার বার্তা।
“এখানে প্রথাই পাসিং ফুটবল খেলা; কিন্তু আমি এটাও চাই, দল যেন গোলের জন্য আরও সরাসরি আক্রমণ শাণায়। তাদের গোলের জন্য আরও বেশি চেষ্টা করতে হবে। আমার মনে হয় না, আমার কৌশলে বেশি পরিবর্তনের দরকার আছে।”
“আমি একই জিনিসের খোঁজে আছি, আরও চাপ বাড়ানোর এবং প্রতিপক্ষের মাঝমাঠে খেলার। কিন্তু, দিনশেষে জয়ই মুখ্য।”
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে আগামী ৩০ জুলাই ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বার্সেলোনা।
আর লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আগামী ১৭ অগাস্ট ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে ফ্লিকের দলের।
