ক্যারিয়ারের প্রথম ক্লাসিকো রাঙাবেন এমবাপে, বিশ্বাস আনচেলত্তির
রেয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত যেমন খেলেছেন এমবাপে, তাতে সন্তুষ্ট দলটির কোচ।
বার্সেলোনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে কিলিয়ান এমবাপের। কিন্তু, রেয়াল মাদ্রিদের জার্সি গায়ে কাতালান ক্লাবটির মুখোমুখি হওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ক্যারিয়ারের প্রথম ক্লাসিকোয় ফরাসি তারকার পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন সবাই। রেয়াল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, উপলক্ষটি দারুণভাবে রাঙাবেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
রেয়াল ও বার্সেলোনার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে সবসময়ই থাকে বাড়তি উন্মাদনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মৌসুমের প্রথম ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে শনিবার। হাইভোল্টেজ ম্যাচটির উত্তাপের আঁচ এরই মধ্যে পাওয়ার কথা এমবাপেরও।
পিএসজি ছেড়ে চলতি মৌসুমে রেয়ালে যোগ দেন এমবাপে। ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে এখনও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি তিনি। লা লিগায় ৯ ম্যাচে গোল করেছেন ৬টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে রেয়ালের জার্সি গায়ে তার গোল ৮টি।
এখন পর্যন্ত তার পারফরম্যান্স নিয়ে অবশ্য বেশ সন্তুষ্ট আনচেলত্তি। বার্সেলোনার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই এমবাপের কাঁধে আস্থার হাত রাখলেন কোচ। শুক্রবার সংবাদ সম্মেলনে রেয়াল কোচ বললেন, নিজের প্রথম ক্লাসিকো রাঙাতে কী করতে হবে, ভালোই জানা এমবাপের।
“আমরা সন্তুষ্ট। (এমবাপে) গোল করছে, সে দলে খুবই গুরুত্বপূর্ণ... সে তার সেরা ফর্মের খোঁজে আছে। আমাদের তাড়াহুড়ো নেই, তারও নেই। অবশ্যই সে আরও ভালো করবে, কারণ তার ভালো করার সব গুণ আছে।”
“তার অভিজ্ঞতা আছে, সে বার্সেলোনার বিপক্ষে অনেক খেলেছে। সে জানে তাকে কী করতে হবে…খেলার জন্য তার প্রস্তুতির ধরন হলো, খুব শান্ত থাকা, সহজভাবে চিন্তা করা। সে নিজের সামর্থ্যে অনেক বিশ্বাস করে। আমরা আত্মবিশ্বাসী যে, (শনিবার) সে দলের জন্য ভালো কিছু বয়ে আনবে এবং সেও এটাই চায়।”
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও বার্সেলোনার বিপক্ষে পিএসজির হয়ে খেলেছিলেন এমবাপে। কোয়ার্টার-ফাইনালে ঘরের মাঠে ৩-২ গোলে হারের পর, ফিরতি দেখায় ৪-১ গোলে জিতেছিল পিএসজি। বার্সেলোনার মাঠে সেই জয়ের পথে জোড়া গোল করেছিলেন এমবাপে।
লা লিগায় ২৭ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে আছে বার্সেলোনা। সমান ১০ ম্যাচে তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল।
