২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৯ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে দিয়াস

ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন পর্তুগিজ এই ডিফেন্ডার।

২০২৯ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে দিয়াস
হুবেন দিয়াস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ম্যানচেস্টার সিটিতে পথচলা আরও দীর্ঘ হচ্ছে হুবেন দিয়াসের। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন পর্তুগিজ এই ডিফেন্ডার।

২০২৯ সাল পর্যন্ত সিটিতে থাকবেন ২৮ বছর বয়সী দিয়াস, শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে প্রিমিয়ার লিগের দলটি।

২০২০ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সিটিতে যোগ দেন দিয়াস। দলটির হয়ে এখন পর্যন্ত ১০টি শিরোপা জিতেছেন এই সেন্টার-ব্যাক, যার মধ্যে রয়েছে ২০২৩ সালে ট্রেবল জয়ের কীর্তি।

২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন দিয়াস। প্রথম দল হিসেবে সিটির টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের ইতিহাস গড়া দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।

সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২২৩টি ম্যাচ খেলেছেন দিয়াস। ৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের ৫টি গোলে করেছেন সহায়তা।

প্রিয় আঙিনায় আরও লম্বা সময় থাকতে পারবেন, ভেবেই ভালো লাগছে দিয়াসের।

“এই বড় ক্লাবের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। সিটি সেই ক্লাব যেখানে আমি থাকতে চাই-খেলাটির শীর্ষ পর্যায়ে, ট্রফির জন্য লড়াইয়ে। আমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি মিলে যায় এবং একজন ফুটবলার হিসেবে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।”