প্যারিস অলিম্পিকসে খেলবেন না সিনার
টনসিলের সমস্যায় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ থেকে সরে দাঁড়িয়েছেন টেনিসের এক নম্বর খেলোয়াড়।
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ শুরুর আগের দিন বড় এক সিদ্ধান্ত নিলেন ইয়ানিক সিনার। প্যারিস অলিম্পিকস থেকে সরে দাঁড়ালেন র্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস খেলোয়াড়।
ফ্রান্সের প্যারিসে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের অলিম্পিকস। আগের দিন সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের সিদ্ধান্তের কথা জানান ২২ বছর বয়সী সিনার।
এবারের অলিম্পিকসে টেনিস হবে ক্লে কোর্টে। সেজন্য নিজেকে বেশ ভালোভাবেই প্রস্তুত করেছিলেন সিনার। কিন্তু হুট করেই বেঁকে বসে তার শরীর। ধরা পড়ে টনসিল। আর সেজন্যই চিকিৎসকের নির্দেশনা মেনে গেমস থেকে নাম সরিয়ে নিলেন তিনি।
“দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দুর্ভাগ্যবশত আমি প্যারিস অলিম্পিক গেমসে অংশ নিতে পারব না”
“ক্লে কোর্টে অনুশীলনে ভালো একটি সপ্তাহ কাটানোর পর আমি অসুস্থ বোধ করতে শুরু করি। কয়েক দিন বিশ্রাম নেই এবং চিকিৎসককে দেখানোর পর আমার টনসিলাইটিস ধরা পড়ে এবং আমাকে না খেলার জন্য জোর পরামর্শ দেন।”
ক্যারিয়ারে এরই মধ্যে একটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২২ বছর বয়সী সিনার। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে ইতালিয়ান এই তারকা পরেছিলেন শ্রেষ্টত্বের মুকুট।
