১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর ‘চাপ বোধ করছেন না’ মরিনিয়ো

লক্ষ্য ছুঁতে, আবার চূড়ায় উঠতে কী প্রয়োজন, সেটা অবশ্য পরিষ্কার করে দিলেন রেয়াল মাদ্রিদ কোচ।

রেয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর ‘চাপ বোধ করছেন না’ মরিনিয়ো
জুজে মরিনিয়ো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 09:05 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

কোচিং ক্যারিয়ারে দুটি ক্লাবকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু রেয়াল মাদ্রিদের ডাগআউটে প্রথম মেয়াদে অন্যান্য শিরোপার স্বাদ পেলেও, দলটিকে ইউরোপ সেরার ট্রফি জেতাতে পারেননি জুজে মরিনিয়ো। এবার কি সেই শূন্যতা পূরণ করতে পারবেন তিনি? চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে সরাসরি সেই বিষয়ে কিছু বললেন না এই পর্তুগিজ কোচ।

দলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন, যারা গত দুই মৌসুমে জিততে পারেনি কোনো বড় শিরোপা। গত মৌসুম তো শেষ করে একদমই খালি হাতে। অন্যদিকে, এই ক্লাবই আবার চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন। এই প্রতিযোগিতায় ব্যর্থতা ক্লাবটির সমর্থকদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে।

তবে কোনো কারণেই চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরুর আগে বাড়তি চাপ অনুভব করছেন না বলে দাবি করলেন মরিনিয়ো।

“২০১৩ সালে আমি যখন বিদায় নিয়েছিলাম, সেই সময়ে আমরা যা জিতেছিলাম, জিতেছিলাম এবং যা হেরেছিলাম, হেরেছিলাম। এখন আমাকে যা করতে হবে, এর সঙ্গে পূর্বের কোনো কিছুর সম্পর্ক নেই।” 

২০১০ সালের মে মাসে রেয়ালের আঙিনা সান্তিয়াগো বের্নাবেউয়ে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতান মরিনিয়ো। এরপরই তিনি দায়িত্ব নেন রেয়ালের।

মাদ্রিদের ক্লাবটির হয়ে প্রথম মেয়াদের তিন মৌসুমে একটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতেন মরিনিয়ো। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে অনেক দিনের শিরোপা খরা ঘোচাতে পারেননি তিনি। পরে ২০১৪ সালে কার্লো আনচেলত্তির হাত ধরে ঐতিহাসিক ‘লা দেসিমা’ (চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা) জয় করে দলটি।

এরপর, প্রতিযোগিতাটিতে আরও টানা তিনবারসহ মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে রেয়াল, সবশেষ ২০২৩-২৪ মৌসুমে। গত দেড় দশকে বদলে যাওয়া দলটির আবারও ইউরোপ সেরা হওয়ার সম্ভাবনা দেখছেন মরিনিয়ো।

“২০১০ সালে আমরা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালেও উঠতে পারিনি এবং তখন অনেকদিন হয় আমাদের (সবশেষ) সেমি-ফাইনাল খেলার। আর এখন আমরা এক দশকের একটু বেশি সময়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা দল।”

মরিনিয়োর সাবেক দলের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামার আগে বড় ধাক্কা খেয়েছে রেয়াল। সবশেষ ম্যাচে গত শনিবার লা লিগায় তারা হেরে গেছে রেয়াল বেতিসের মাঠে, ১-০ গোলে। বিপরীতে ইতালিয়ান চ্যাম্পিয়নরা আছে দারুণ ফর্মে; ওই দিনেই তারা সেরি আয় নাপোলির বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জয় পায় ৩-২ ব্যবধানে। 

মরিনিয়ো অবশ্য ওই এক ম্যাচের ফল নিয়ে বেশি ভাবতে চান না। দলের মূল লক্ষ্যকেই সামনে আনতে চাইলেন দৃঢ় কণ্ঠে। চূড়ায় উঠতে হলে কী প্রয়োজন, সেটাও তুলে ধরলেন তিনি।

“আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই, সব প্রতিযোগিতায় (শিরোপা) জিততে চাই। সেই লক্ষ্যে সফল হতে দলে আনতে হবে স্থিতিশীলতা। স্থিতিশীলতা, স্থিতিশীলতা… সঠিক কাঠামো।

“সুতরাং রেয়াল মাদ্রিদকে দলে সেই স্থিরতা আনতে হবে, দারুণ কিছু অর্জন করতে যা খুব গুরুত্বপূর্ণ। তবে রেয়াল মাদ্রিদ তো রেয়াল মাদ্রিদই। যা কিছুই হোক না কেন, এখানে আপনাকে জিততেই হবে।”