জাতীয় আর্চারিতে রিকার্ভে রামকৃষ্ণ-সোনালী, কম্পাউন্ডে ঐশ্বর্য্য-কুলসুম সেরা
পাঁচ ইভেন্টে সোনা জিতে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপসে দলগত সেরা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপসে রিকার্ভ পুরুষ এককে হাড্ডাহাড্ডি লড়াই হলো। টাইব্রেকারে রাকিব মিয়াকে হারিয়ে সেরা হলেন রামকৃষ্ণ সাহা।
রিকার্ভ নারী এককে সেরা হয়েছেন সোনালী রায়। কম্পাউন্ড পুরুষ ও নারী এককে সোনা জিতেছেন ঐশ্বর্য্য রহমান ও কুলসুম আক্তার মনি।
টঙ্গীতে শনিবার প্রতিযোগিতার ১০ ইভেন্টের ফাইনাল হয়েছে। পাঁচ ইভেন্টে সোনাসহ সব মিলিয়ে ১১টি পদক জিতে দলগত সেরা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চারটি সোনাসহ ১০টি পদক নিয়ে দ্বিতীয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি।
কম্পাউন্ড পুরুষ এককের ফাইনালে বিকেএসপির ঐশ্বর্য্য ১৪৭-১৪২ স্কোরে নেওয়াজ আহমেদ রাকিবকে হারান। এই ইভেন্টে মেয়েদের এককে দারুণ লড়াইয়ের পর বিকেএসপির কুলসুম আক্তার মনি ১৪৪-১৪৩ স্কোরে জেতেন বিমান বাহিনীর বন্যা আক্তারের বিপক্ষে।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বিকেএসপি, নারী দলগত ইভেন্টে বাংলাদেশ বিমান বাহিনী এবং মিশ্র দলগত ইভেন্টে বিমান বাহিনীর বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি হয়েছেন সেরা।
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বিমান বাহিনীর দুই তীরন্দাজ রামকৃষ্ণ সাহা ও রাকিব মিয়ার মধ্যে হয়েছে জমজমাট লড়াই। ৫-৫ সেট পয়েন্টে সমতার পর একটি করে তীর ছোঁড়ার লড়াইয়ে রামকৃষ্ণ ১০-৯ ব্যবধানে জেতেন।
রিকার্ভ নারী এককের ফাইনালে বিকেএসপির দুই প্রতিযোগীর লড়াইয়ে শুরুটা দারুণ হয় মনিরা আক্তার মনির। প্রথম সেট ড্রয়ের পর দ্বিতীয় সেট তিনি জিতে নেন। এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান সোনালী রায়। পরের তিন সেট জিতে ৭-৩ ব্যবধানে সেরা হন তিনি।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার, রিকার্ভ নারী দলগত ইভেন্টে বাংলাদেশ বিমান বাহিনী এবং রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ বিমান বাহিনীর সীমা আক্তার শিমু-রাকিব মিয়া জুটি হয়েছেন সেরা।
