‘শিরোপার নির্ণায়ক’ লড়াইয়ে বার্সেলোনাকে হারাতে আত্মবিশ্বাসী আনচেলত্তি
লা লিগা শিরোপা ধরে রাখতে বার্সেলোনার মাঠে জয়ের বিকল্প দেখেন না রেয়াল মাদ্রিদ কোচ।
দুটি ফাইনালের পাশাপাশি লা লিগায় প্রথম দেখায় হারের তেতো স্মৃতি নিয়ে বার্সেলোনার মুখোমুখি হওয়ার অপেক্ষায় রেয়াল মাদ্রিদ। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভেঙে লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফিরতে চায় স্পেনের সফলতম দলটি। তবে কাজটা যে সহজ নয় সেটা ভালো করেই জানেন কার্লো আনচেলত্তি। তবে মৌসুমের শেষ ক্লাসিকোয় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
লা লিগার ম্যাচে রোববার মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। বার্সেলোনার মাঠে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হবে মাঠের লড়াই।
৩৪ রাউন্ড শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল।
আসছে ম্যাচে জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। আর রেয়াল জিতলে দুই দলের ব্যবধান নেমে আসবে এক পয়েন্টে। তাতে রেয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনা বেশ বেড়ে যাবে।
বার্সেলোনা শেষ দুটি ম্যাচ খেলবে ভিয়ারেয়াল ও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। পয়েন্ট টেবিলে সেরা পাঁচে আছে দল দুটি। অন্যদিকে রেয়ালের শেষ দুই প্রতিপক্ষ রেয়াল সোসিয়েদাদ (দ্বাদশ) ও সেভিয়া (ষোড়শ)।
স্বাভাবিকভাবেই বার্সেলোনা শিরোপা লড়াই ততদূর পর্যন্ত নিতে চাইবে না। রেয়াল চাইবে এর উল্টোটা। তার জন্য শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি দলের কাছে চাইলেন জয়।
“দল ভালো করছে, নিজেদের করণীয় কাজের দিকে মনোযোগী এবং রোমাঞ্চ নিয়ে (ক্লাসিকোর) অপেক্ষায় আছে। আমাদের অনেক কিছু যেমন পাওয়ার আছে, হারানোরও আছে। এই লড়াইয়ে জেতার জন্য আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনার বিপক্ষে খেলা ম্যাচগুলো কঠিন, কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে, জিততে পারবো।”
“আমাদের ঠিকভাবে কাজ করতে হবে। বার্সেলোনা প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ চালাতে অভ্যস্ত। কিন্তু কোনো দলই নিখুঁত নয়। এটা এমন একটি ম্যাচ যেখানে পাওয়ার অনেক কিছু যেমন আছে, হারানোরও আছে। জিততে হলে সবকিছু ভালোভাবে করতে হবে, রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভালো হতে হবে। একটি পরিপূর্ণ ম্যাচ খেলতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে রেয়াল। আর্সেনালের বিপক্ষে দুই লেগের একটিতে পেরে ওঠেনি তারা। শিরোপাশূন্য মৌসুম শেষ করার শঙ্কায় আছে দলটি। এমন পরিস্থিতিতে দলকে উজ্জীবিত করা কঠিন কিনা এই প্রশ্নের জবাবে আনচেলত্তি বললেন, ম্যাচটাই এমন যে সবাই নিজে থেকেই অনুপ্রাণিত।
“(এই ম্যাচের জন্য) খেলোয়াড়দের উৎসাহিত করা কঠিন কিছু নয়। কারণ এটা এমন একটা ম্যাচ যেটার জন্য তারা তারা ইতিমধ্যেই অনুপ্রাণিত হয়ে আছে এবং দারুণ আত্মবিশ্বাসী।”
বার্সেলোনার আসছে লড়াইটি যে লিগের ভাগ্য নির্ধারণ গড়ে দিতে পারে, সেটাও তুলে ধরার চেষ্টা করেছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।
“এটা ভালো লিগ এবং ভালো মৌসুম। লিগ জিততে আপনার ধারাবাহিকতা প্রয়োজন। শিরোপা জয় করা কিংবা কাছাকাছি যাওয়াটাই ব্যাখ্যা করে, আগামীকালকের ম্যাচের গুরুত্বটা কত। আমাদের দুই দলেরই অনেক কিছু পাওয়ার আছে, হারানোরও আছে। হতে পারে আমাদের চেয়ে বার্সেলোনার সুযোগ বেশি থাকবে, কিন্তু যদি আমরা জিতে যাই তাহলে আমাদেরই সম্ভাবনা বেশি থাকবে।”
