২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম‍্যাচ থেকে শিক্ষা নিয়ে আর্জেন্টিনাকে হারাতে চায় কানাডা

কোপা আমেরিকার সেমি-ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে চান কানাডা কোচ জেসি মার্শ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 04:36 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

কানাডার জন‍্য যেন এক ধরনের চক্র পূরণ। যাদের বিপক্ষে হার দিয়ে এবারের কোপা আমেরিকা যাত্রা শুরু, ফাইনালে ওঠার পরীক্ষায় সামনে দাঁড়িয়ে সেই আর্জেন্টিনা। শিরোপাধারীদের বিদায় করে আরও এগিয়ে যেতে আত্মবিশ্বাসী কানাডা কোচ জেসি মার্শ। বললেন, প্রথম ম্যাচের ভুল শুধরে জিততে চান তারা।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালে শনিবার সকালে ভেনেজুয়েলাকে হারায় কানাডা। ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানের জয় তুলে নিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় দলটি।

অথচ টুর্নামেন্টে কানাডার শুরুটা ছিল হতাশার। গ্রুপ পর্বে প্রথম লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে হারে তারা। এরপর পেরুকে ১-০ গোলে হারিয়ে ও চিলির বিপক্ষে গোলশূন্য ড্র করে শেষ আটের টিকেট নিশ্চিত করে তারা গ্রুপ রানার্সআপ হয়ে।

কোপা আমেরিকার প্রস্তুতিও আদর্শ ছিল না কানাডার। টুর্নামেন্টের মাস খানেক আগে তারা কোচ হিসেবে নিয়োগ দেয় মার্শকে। তার কোচিংয়ে আগের পাঁচ ম‍্যাচে জয় ছিল কেবল দুটি।

মার্শের দায়িত্বের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলে উড়ে যায় কানাডা। সেটাও কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কেবল ১৫ দিন আগে। মাসেক খানেক সময়ের মধ্যে দল সম্পর্কে কতটা জেনেছেন, সেমি-ফাইনালে ওঠার পর প্রশ্ন করা হয় মার্শকে। উত্তরে তিনি বলেন, এই দলের শেখার তাড়না তার বেশ ভালো লেগেছে।

“এখন তাদের সম্পর্কে যা কিছু জানি, আমি অনুভব করেছি; তাদের প্রতিশ্রুতি, তাদের আকাঙ্ক্ষা, তাদের শেখার ইচ্ছা। এই সব কিছু প্রচুর আস্থা ও আত্মবিশ্বাসের দিকে পরিচালিত করেছে।”

আর্জেন্টিনা ম্যাচ নিয়ে নিজেদের প্রস্তুত থাকার কথা বললেন মার্শ। কোপা আমেরিকার শিরোপাধারীদের বিপক্ষে খেলা আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে চান তিনি। বললেন, ভয়ে কোণঠাসা না হয়ে থেকে তারাও লড়বেন চোখে-চোখ রেখে। 

“আমরা উন্নতিতে কোথায় আছি তা নিয়ে রোমাঞ্চিত এবং আমরা আরেকটি চেষ্টা চালানোর (আর্জেন্টিনার বিপক্ষে) সুযোগ পেয়েছি। আমরা এই ম্যাচটিতে সেভাবে প্রাধান্য দেব।”

“আমরা ইতিবাচক থাকব। আক্রমণাত্মক থাকব। আমরা জড়সড় হয়ে শুধু রক্ষণ সামলানোর চেষ্টা করব না। আমরা যেভাবে খেলে এসেছি সেভাবে খেলার চেষ্টা করব এবং তারপর দেখব এটা (জয়ের ধারা) ধরে রাখতে পারি কিনা।”

আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউ জার্সিতে প্রথম সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে কানাডা।