ম্যানচেস্টার সিটিতে কেন এত লম্বা সময়, জানালেন গুয়ার্দিওলা
নিজের মধ্যে এখনও ‘অবিশ্বাস্য মাত্রার প্রাণশক্তি’ অনুভব করেন ম্যানচেস্টার সিটির কোচ।
ম্যানচেস্টার সিটিতে কোচিং ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময় কাটাচ্ছেন পেপ গুয়ার্দিওলা। তবে এখনও কোনো ‘ক্লান্তি আসেনি তার বা কোনোরকম একঘেয়েমিও পেয়ে বসেনি’ এই স্প্যানিয়ার্ডকে। বরং তার মধ্যে এখনও ‘অবিশ্বাস্য মাত্রার প্রাণশক্তি’ আছে বলে দাবি গুয়ার্দিওলার।
ক্লাবটিতে ভুরিভুরি সাফল্য পেয়েছেন তিনি। চলতি মৌসুমে ইতোমধ্যে একটি শিরোপা জয়ী দলটির সামনে আছে ট্রেবল জয়ের হাতছানি। তবে এতে কোনোরকম বাড়তি চাপ অনুভব করছেন না, জানালেন গুয়ার্দিওলা।
সিটি শিবিরে কয়েক মাস ধরে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে, চলতি মৌসুম শেষে ক্লাব ছেড়ে যেতে পারেন গুয়ার্দিওলা। এভারটনের বিপক্ষে ম্যাচের আগের দিন অবশ্য তিনি বললেন, এই ক্লাবে কাজ করতে এখনও তিনি আগের মতোই প্রেরণা পান।
“এখানকার আবহ এতটা অবিশ্বাস্য না হলে, এত এত শিরোপা জয়ের পরও আমি এখানে ১০ বছর থাকতাম না। আমার মধ্যে এখনও অবিশ্বাস্য মাত্রায় প্রাণশক্তি আছে, এখনও আমি যথেষ্ট ভালো, ছুটির দিনেও কাজ করতে চলে আসি।”
“অবশ্যই আমরা এখানে (এখনও) আছি, কারণ আমরা অনেক জিতেছি- আর একারণেই তারা আমাকে ছাঁটাই করেনি, কারণ তারা এখনও আমার প্রতি বিশ্বাস রেখেছে- তবে এসবের পাশাপাশি এই ক্লাব সত্যিই অসাধারণ।”
গুয়ার্দিওলা আরও বললেন, যেকোনো রকমের কঠিন সময়ে এই ক্লাব কোচ, খেলোয়াড়দের খুব ভালোভাবে খেয়াল রাখে। আর এই বিষয়টা তার খুবই ভালো লাগে।
গত মার্চে আর্সেনালকে ফাইনালে হারিয়ে লিগ কাপ জয় করে সিটি। এফএ কাপের ফাইনালে উঠেছে তারা। প্রিমিয়ার লিগে দলটি ভালোমতোই আছে শিরোপা লড়াইয়ে।
৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গুয়ার্দিওলার দল, দুই ম্যাচ বেশি খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাই হাতে বেশি থাকা দুটি ম্যাচ জিতলে শীর্ষে উঠতে পারে সিটি এবং শিরোপা লড়াইয়ের লাগামও থাকবে তাদের হাতে।
মৌসুমের এই অবস্থায় আরও বড় প্রাপ্তির হাতছানিতে অনেকে স্নায়ুচাপে ভুগলেও, গুয়ার্দিওলা বরং শান্ত আছেন।
“ম্যাচের কয়েক ঘণ্টা আগে আমি (কিছুটা চাপ) অনুভব করি, কিন্তু দুই ম্যাচের মাঝে প্রস্তুতির সময় আমি শান্ত থাকি।”
“গত মৌসুমে আমি ২৪ ঘণ্টাই চিন্তা করতাম, চ্যাম্পিয়ন্স লিগে উঠতে না পারলে কী হবে’? এই চাপ তখন অনেক অনুভব করেছি। যে দলগুলো অবনমন এড়ানোর জন্য লড়াই করে, তাদের পরিস্থিতি চিন্তাই করতে পারি না।”
