২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্লটের মতে, লিভারপুলের সেই ‘অদম্য ভাব’ আর নেই

অ্যানফিল্ডে আসার আগে যেকানো প্রতিপক্ষ লিভারপুল দলের বর্তমান ভঙ্গুরতা আঁচ করতে পারছে বলে ধারণা আর্না স্লটের।

স্লটের মতে, লিভারপুলের সেই ‘অদম্য ভাব’ আর নেই
লিভারপুল কোচ আর্না স্লট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

সাফল্যের চেনা পথ অনেক আগেই হারিয়ে ফেলেছে লিভারপুল। এখন দিনে দিনে তাদের অবস্থা আরও নাজুক হচ্ছে। সবশেষ, আট মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ডের বিপক্ষেও হোঁচট খেয়ে কঠিন বাস্তবতাকে যেন আরও ভালোভাবে অনুধাবন করতে পারছেন লিভারপুল কোচ আর্না স্লট। 

হোম বা অ্যাওয়ে ম্যাচ, লিভারপুলের ব্যর্থ যাত্রা চলছে সবখানেই। প্রিমিয়ার লিগে সাত ম‍্যাচে ষষ্ঠ এবং টানা হারের পর, গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে জিতে ছন্দে ফেরার আভাস দেয় তারা। কিন্তু তিন দিন পরই আবার উল্টো রথে দলটি, সেটাও আবার নিজেদেরই মাঠে!

আসরের চমক হয়ে ধরা দেওয়া সান্ডারল্যান্ডের বিপক্ষে বুধবার রাতে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে লিভারপুল। ওই এক গোলেই হারের পথে ছিল তারা। তবে, শেষদিকে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে আরেকটি বিব্রতকর পরাজয় থেকে রক্ষা পায় দলটি।  

তবে, শিরোপা ধরে রাখার অভিযানে নামা একটা দলের এভাবে কক্ষচ্যুত হয়ে পড়া এবং শক্তিতে অনেক পিছিয়ে থাকা একটা দলের বিপক্ষে এভাবে পয়েন্ট হারানোও তো কম বিব্রতকর নয়। 

সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যানফিল্ডে এই নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য লিভারপুল; এখানে আগের দুই ম্যাচে তারা হেরেছে নটিংহ্যাম ফরেস্ট ও পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে।

ইংলিশ চ‍্যাম্পিয়নদের কোচ স্লট অবশ্য পুরো বিষয়টিকে অন্যভাবে দেখছেন। কোনোরকম দ্বিধা না করেই আত্মসমালোচনা করেছেন তিনি। তাদের আগের সেই অদম্য ভাবটা শেষ হয়ে গেছে।

“এখন আমাদের বিপক্ষে মাঠে নামার আগে দলগুলোর মধ্যে ভাবনা কাজ করে যে, তারা জিততে পারবে। কেবল এটা তাদের ভাবনাই নয়, এই মৌসুমে সেটা দেখাও গেছে।”

“এমনকি আমরা যে ম্যাচগুলোয় জিতেছি, সেখানেও আমরা এমন কিছু করেছি, যাতে প্রতিপক্ষের আত্মবিশ্বাস বেড়েছে যে কিছু একটা করা সম্ভব। কারণ, মৌসুমের শুরুতে আমরা যেসব ম্যাচ জিতেছি, সেগুলো সহজ জয় ছিল না।”

মৌসুমের এখনও মাঝামাঝিও আসেনি, এর মধ্যেই লিভারপুলের শিরোপা ধরে রাখার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেছে। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে দলটি, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়েছে ১১ পয়েন্টে।