Published : 01 Sep 2026, 04:02 PM
দলে নেই কোনো নাম্বার নাইন। তবে সেই ঘাটতি বুঝতেই দিচ্ছে না বার্সেলোনার আক্রমণভাগের অন্যরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হাফিনিয়া। এমন একজনকে অধিনায়ক হিসেবে পেয়ে খুব খুশি তরুণ মিডফিল্ডার মার্ক বের্নাল।
মূল স্ট্রাইকারের ভূমিকায় মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে আছেন হাফিনিয়া। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচেই পেয়েছেন জালের দেখা, দলের ১২ গোলের পাঁচটি তার; লা লিগায় এলচের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে আথলেতিক বিলবাওয়ের জালে বল পাঠান একবার।
আর সবশেষ সোমবার রায়ো ভাইয়েকানোর বিপক্ষে দলের ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে আবার জোড়া গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
অধিনায়কের এমন ফর্মে উজ্জীবিত বের্নাল ম্যাচ শেষে বলেন, হাফিনিয়া স্কোয়াডে তরুণদের জন্য আদর্শ।
“হাফিনিয়া সবার জন্য আদর্শ, কারণ তিনি আমাদেরকে অনেক সাহায্য করেন। বিশেষ করে তরুণদের জন্য। সহজেই তার সঙ্গে কথা বলা যায় এবং এটাই আমরা চাই, এমন একজন অধিনায়ক।”
বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা বের্নাল মূল দলে জায়গা পাকা করার অভিযানে আছেন। সেই পথে বদলি নেমে দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত তিনি।
“ম্যাচটি নিয়ে আমি খুব খুশি। এটা বার্সা, বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এবং এখানে প্রতিদ্বন্দ্বিতাও (অনেক)।”
শিরোপা ধরে রাখার অভিযানে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।