২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রোমাঞ্চিত জিমি-মিলনরা

অক্টোবরের শেষ দিকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের টার্ফে গড়াবে আসরটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2022, 07:51 PM

Updated : 30 Sep 2022, 08:09 PM

দেশের ক্রীড়াঙ্গণে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যুগে পা রেখেছে আগেই। এবার প্রথমবারের মতো হতে যাচ্ছে হকি ফ্র্যাঞ্চাইজি লিগ। ছয় দল নিয়ে অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট নিয়ে রোমাঞ্চিত জিমি-মিলনরা। ক্রীড়াঙ্গনের অন্যান্য শাখার তারকারাও এই আয়োজন নিয়ে দারুণ আশাবাদী।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার হকি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন করা হয়েছে। আসরের ছয় দল ঢাকার ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন গ্রুপ, খুলনার সাইফ পাওয়ারটেক, বরিশালের ফ্র্যাঞ্চাইজি মেট্রো এক্সপ্রেস, চট্টগ্রামের একমি, কুমিল্লায় রূপায়ন গ্রুপ এবং পদ্মার মালিকানায় মোনার্ক মার্ট।

এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আর্চার রোমান সানা ও ব্যাডমিন্টন তারকা এলিনা ‍সুলতানা। ‘স্বপ্নযাত্রার এইতো শুরু’-এই স্লোগান নিয়ে ২৮ অক্টোবর শুরু হবে আসরটি।

হকি তার সৌন্দর্য্য হারিয়ে ধুঁকছে। তবে মাহমুদউল্লাহর আশা এই আয়োজনের মধ্য দিয়ে নতুন পথচলা শুরু হবে হকির।

“আমার মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। এটা হকির জন্য নতুন শুরু।”

আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহানের আশা এই টুর্নামেন্ট দিয়ে নতুন খেলোয়াড় উঠে আসবে। ক্রিকেটার না হয়ে হকি খেলোয়াড় হলে গোলকিপার হতেন, এমন কথাও জানান তিনি।

“হকিস্টিক হাতে নিলে আলাদা একটা পাওয়ার চলে আসে। কখনও হকি খেলিনি তবে যদি খেলতাম তাহলে গোলকিপার হতাম। বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি হকি লিগ হচ্ছে। এখানে অনেক উদীয়মান খেলোয়াড় উঠে আসবে। আমাদের বিপিএল আয়োজনের পরে ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। এবার আশা করি এই লিগের মাধ্যমে হকিরও অনেক উন্নতি হবে।”

রোমান সানার বিশ্বাস এই আসর দিয়ে হকিতে প্রাণ ফিরবে।

“ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে হকি তার পুরনো প্রাণ ফিরে পাবে এবং নতুন তারকা এই টুর্নামেন্ট থেকে উঠে আসবে। হকিতে অনেক প্রতিভা আছে, আশা করি এই টুর্নামেন্ট থেকে তারা উঠে আসবে।”

ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে রোমাঞ্চিত হকির খেলোয়াড়রাও। মিলন হোসেনের আশা হকির ভবিষ্যৎ পথচলায় কাজে আসবে এ আসরটি।

“আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম বিভিন্ন গেমসে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, আমরাও আশায় ছিলাম হকিতে এমন কিছু হবে। প্রায়ই গুঞ্জন শুনেছি হকিতে ফ্র্যাঞ্চাইজি লিগ হবে। এবার যেহেতু হচ্ছে, স্বপ্নের মতো লাগছে। ব্যক্তিগতভাবে বলব, যখন এই টুর্নামেন্টে খেলতে পারব, ভালো লাগবে। বাংলাদেশের যত হকি খেলোয়াড় আছে, তাদের ভবিষ্যতের জন্য এই টুর্নামেন্ট ভালো কিছু হবে।”

“এটা অনেক বড় টুর্নামেন্ট, এখানে খেলোয়াড়রা পারিশ্রমিক ঠিকঠাকভাবে পাবে, এই আশা করছি। পারিশ্রমিক যখন ঠিকভাবে পাবে, তখন খেলোয়াড়দের খেলার আগ্রহ তত বেশি হবে। পরবর্তী প্রজন্মও হকিতে আসতে আগ্রহী হবে।

প্রতিটি দলে খেলার সুযোগ পাবেন বিদেশিরাও। জাতীয় দলের পেনাল্টি কর্নার স্পেশাল্টিস্ট খোরশেদুর রহমান মুখিয়ে আছেন বিদেশিদের কাছ থেকে আধুনিক হকি শিখতে।

“যাদের এত সহায়তায় প্রথমবারের মতো হকিতে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, তাদের ধন্যবাদ। খেলোয়াড়দের দিক থেকে বলব, হকির অগ্রযাত্রায় এই টুর্নামেন্টটা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। কেননা, প্রতিটি খেলোয়াড়ই ফাইট করবে, জাতীয় দলের জায়গা পাওয়ার জন্য। একসময় আমাদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ছিল না, কিন্তু এখন হবে।”

“বিদেশি কোচের বিভিন্ন কৌশল সম্পর্কেও আমরা জানতে পারব, নিজেদের ঘাটতি নিয়ে কাজ করার জন্য সুযোগ পাব। যখন এগুলো নিয়ে কাজ হবে, আমাদের দেশের হকিরও উন্নতি হবে। বিদেশি যে খেলোয়াড়রা আসবে, যারা বিশ্বকাপ, অলিম্পিকে খেলেছে, তাদের কাছ থেকে আধুনিক হকিটা শিখতে পারব আমরা।”

হকির তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির মনে হচ্ছে, এই টুর্নামেন্টের প্রভাব সুদূরপ্রসারী।

“চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, খুবই শিহরণ কাজ করছে। আমার বিশ্বাস এই টুর্নামেন্ট দিয়ে হকি প্রাণ ফিরে পাবে। হকি থেকে আমরা যেটা পেতে চাইছি, এর মাধ্যমে হয়ত সেটা পাব। স্বপ্নযাত্রার শুরু এখান থেকেই, আশা করি, কেউ বলতে পারবে না-আমি এখন আর হকি খেলব না।”