২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইতালিকে হারিয়ে নেশন্স লিগ শুরু বেলজিয়ামের

দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য করলেও ফিনিশিংয়ে ব্যর্থতা ভোগাল রবের্তো্ মানচিনির দলকে।

ইতালিকে হারিয়ে নেশন্স লিগ শুরু বেলজিয়ামের

জাতীয় দলের হয়ে গোলের খাতা খুলে সতীর্থদের সঙ্গে মিকা গটসের উল্লাস (মাঝে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 02:41 AM

Updated : 26 Sep 2026, 03:16 AM

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর আক্রমণে জোর দিল ইতালি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা পেছনে ফেলতে পারল না তারা। বরং পরে আরেকটি গোল করে জয় তুলে নিল বেলজিয়াম।

রোমে শুক্রবার ২-০ গোলে জিতে উয়েফা নেশন্স লিগে পথচলা শুরু করল বেলজিয়াম। মিকা গটস দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান দ্বিগুণ করেন দদি লুকেবাকিও।

গোল করেই মাঠের বাইরে এমবাপে, জয়ে শুরু জিদানের ফ্রান্সের

দুই দলের ডাগআউটেই নতুন মুখ। গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া বেলজিয়াম মার্ক ফন বোমেলের কোচিংয়ে শুভসূচনা করল। ইতালির কোচের পদে দ্বিতীয় মেয়াদে ফেরা রবের্তো মানচিনির শুরুটা হলো হতাশায়।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বেশ ভালোই প্রতিক্রিয়া দেখায় টানা তিনটি বিশ্বকাপে খেলতে না পারা ইতালি। প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১ শটের ছয়টি লক্ষ্যে রেখেও একবারও সফল হয়নি তারা। বেলজিয়ামের ১৯ শটের আটটি ছিল লক্ষ্যে।

‘এ’ লিগের এক নম্বর গ্রুপের লড়াইয়ে শুরুতেই প্রতিপক্ষের বুকে আঘাত হানতে পারতো বেলজিয়াম। তবে সপ্তম মিনিটে শার্লে ডে কেটলারের নিচু শট ঝাঁপিয়ে আটকে দেন জানলুইজি দোন্নারুম্মা। ১৮তম মিনিটে ইতালিও একটি সুযোগ পায়, যদিও মোইজে কিনের শটে গতি কম থাকায় আটকাতে তেমন বেগ পেতে হয়নি সানা লমেন্সের।

এরপরই দারুণ এক গোলের দেখা মেলে। ২০তম মিনিটে বল পায়ে একজনকে কাটানোর ফাঁকে ডি-বক্সে ঢুকে, আরেকজনের চ্যালেঞ্জ সামলে জায়গা বানিয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিকা গটস।

জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচে গোলের খাতা খুললেন এই মিডফিল্ডার।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বেলজিয়াম। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। পরের কয়েক মিনিটে ভালো কয়েকটি সুযোগও পায় দলটি; তবে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়তে দেননি দোন্নারুম্মা।

২৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডে কেটলারের জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন দোন্নারুম্মা। ফিরতি বল ফাঁকায় পেয়ে শট নেন নিকোলাস রাসকিন, সেটাও আটকে দেন তিনি।

চার মিনিট পর আবার ভীতি ছড়ায় বেলজিয়াম। এবার দুরূহ কোণ থেকে গোটসের হেড দারুণ ক্ষিপ্রতায় এক হাত দিয়ে আটকান দোন্নারুম্মা।

প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষককে কঠিন কোনো পরীক্ষা নিতে না পারা ইতালি বিরতির পর যেন নতুন রূপে ধরা দেয়। টানা বেশ কয়েকটি গোছানো আক্রমণ শাণায় তারা।

৪৭তম মিনিটে কিনের কোনাকুনি শট পা দিয়ে আটকান লমেন্স। এরপরই ফ্রান্সেসকো এসপোসিতোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর আবার সুযোগ পান ইন্টার মিলানের এই স্ট্রাইকার, এবার তার হেড ঠেকান লমেন্স।

বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণে জোর দিলেও, ৬৯তম মিনিটে উল্টো আরও পিছিয়ে পড়ে ইতালি। দুইজনকে কাটিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরাল শটে গোলটি করেন ১০ মিনিট আগে বদলি নামা লুকেবাকিও।

আন্তর্জাতিক ফুটবলে এই উইঙ্গারের এটা সপ্তম গোল।

বাকি সময়েও প্রতিপক্ষের ডি-বক্সে অনেকবার ভীতি ছড়ায় ইতালি। কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো কিছুই করতে পারেনি তারা।