২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবাই যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, যেন পরিবারের কেউ মারা গেছে’

ক্লাসিকোয় হারলেও লা লিগা জয়ের লক্ষ্যে অটল বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 10:45 PM

Updated : 19 Oct 2022, 10:53 PM

বার্সেলোনার আকাশে হঠাৎ যেন দুর্যোগের ঘনঘটা। টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার চোখ রাঙানি তাদের সামনে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে লা লিগার শীর্ষস্থানও হারাতে হয়েছে। স্বাভাবিকভাবে চাপ বাড়ছে কোচ শাভি এরনান্দেসের ওপর। তিনি নিজেও বুঝতে পারছেন বাস্তবতা। তবে লিগ জয়ের লক্ষ্য থেকে সরছেন না কাতালান দলটির সাবেক এই মিডফিল্ডার। কঠিন সময়ে সবাই যেভাবে তার পাশে দাঁড়িয়েছে, সেটিই অনুপ্রাণিত করছে তাকে।

চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে ঘরের মাঠে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায়ের দুয়ারে চলে গেছে বার্সেলোনা। নকআউট পর্বে যেতে হলে নিজেদের বাকি দুই ম্যাচ শুধু জিতলেই হবে না, পক্ষে আসতে হবে অন্য ম্যাচগুলোর ফল।

হতাশাজনক ইন্টার ম্যাচের রেশ থাকতে থাকতেই গত রোববার লা লিগায় তারা রিয়ালের মাঠে হেরে বসে ৩-১ গোলে। তাদের দুইয়ে নামিয়ে মাদ্রিদের দলটি উঠে যায় শীর্ষে। ৯ ম্যাচে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ২৫, বার্সেলোনার ২২।

লিগে বৃহস্পতিবার কাম্প নউয়ে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে শাভি বললেন, শিরোপা জয়ের লড়াই চালিয়ে যাবেন তারা।

“আমি মনে করি, শিরোপা জয়ের জন্যই আমরা দল গড়েছি। আমি রোমাঞ্চিত। লোকেরা আমাকে উৎসাহ দিচ্ছে। আমার একটা মোবাইল ফোন আছে, তাতে সবাই বার্তা পাঠিয়ে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, মনে হচ্ছে যেন পরিবারের কেউ মারা গেছে।”

“যদি আমরা সফল না হই, ক্লাব প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, এর পরিণতি ভোগ করতে হবে, বিশেষ করে আমাকে। এখানে আমি সমস্যা সমাধানের জন্য এসেছি। যদি আমরা জিততে না পারি, তাহলে অন্য কোচ আসবেন।”

কখন চাকরি হারাতে পারেন, এমন প্রশ্নে শাভি বলেন, ‘যে কোনো সময়, হয়তো আগামীকাল। রাস্তায় লোকেরা আমার দিকে আঙুল তুলছে। তবে আমি ইতিবাচক।”

“আমরা মাদ্রিদে হেরেছি, আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে পারি। তবে, আমি লড়াই চালিয়ে যাব।” 

প্যারিসে গত সোমবার ব্যালন ডি’অর অনুষ্ঠানে তিনটি পুরস্কার গেছে বার্সেলোনার ঘরে। টানা দ্বিতীয়বার বর্ষসেরা স্ট্রাইকারের স্বীকৃতি ‘জার্ড মুলার ট্রফি’ জেতেন গ্রীষ্মের দলবদলে বায়ার্ন মিউনিখ থেকে কাম্প নউয়ে আসা রবের্ত লেভানদোভস্কি। বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার ‘কোপা অ্যাওয়ার্ড’ পান মিডফিল্ডার গাভি। আর মেয়েদের ফুটবলে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হন নারী দলের মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস।

সবাইকে অভিনন্দন জানিয়ে শাভি বললেন, এখন দলীয়ভাবে সাফল্য আনতে হবে তাদের।

"এসব পুরষ্কারের অর্থ হলো বার্সা আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। আমাদের খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার জিততে দেখা দারুণ কিছু। এখন দলীয় শিরোপা জিততে হবে।”