২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত বায়ার্ন কোচ

অ্যাসিস্টের হ্যাটট্রিক করা সের্গে জিনাব্রির প্রশংসায় পঞ্চমুখ ইউলিয়ান নাগেলমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 02:51 PM

Updated : 27 Oct 2022, 02:52 PM

সাম্প্রতিক বিবর্ণতায় গ্রুপ পর্ব থেকে বার্সেলোনার বিদায় আগেভাগে নিশ্চিত হয়ে গেলেও তাদের শক্তি তো আর কমে যায়নি। লা লিগাতেই যেমন ছন্দে আছে তারা। এমন একটি দলের বিপক্ষে একচেটিয়া প্রাধান্য দেখিয়ে জয় পাওয়ায় ভীষণ খুশি বায়ার্ন মিউনিখ কোচ ইউলিউয়ান নাগেলসমান। তার মতে, সব বিভাগেই দুর্দান্ত খেলেছে তার দল।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে কাম্প নউয়ে ‘সি’ গ্রুপের ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন।

স্বাগতিকদের শুরুতে সাদিও মানে এগিয়ে দেন, এরপর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। আর শেষের দিকে গিয়ে বার্সেলোনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন বাঁজামাঁ পাভার্দ।

ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা সের্গে জিনাব্রিও বাঁকানো শটে জালে বল পাঠিয়েছিলেন, কিন্তু কিঞ্চিৎ ব্যবধানে অফসাইডে ছিলেন তিনি। তবে তিনটি গোলেই অবদান রেখে ‘অ্যাসিস্ট’-এর হ্যাটট্রিক করেন তিনি।

ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনা তাদের ভাগ্য জেনে গিয়েছিল বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগেই। বুধবারেই দিনের আগের ম্যাচে, ভিক্তোরিয়া প্লাজেনকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেয় ইন্টার মিলান।  

ইন্টারের জয়ে বায়ার্নের বিপক্ষে লড়াইটি শাভি এরনান্দেসের দলের জন্য কেবলই নিয়মরক্ষার হয়ে ওঠে। আর বায়ার্নের জন্য ছিল জয়ের ধারা অব্যাহত রাখা এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করা।

ম্যাচের আগে দুই দলের যে বিপরীত প্রেক্ষাপট ছিল, তার প্রতিফলন পড়ে মাঠের খেলায়ও। বায়ার্ন যে খুব তেড়েফুঁড়ে খেলেছে, তা নয়। তবে বার্সেলোনা পারেনি কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে।

পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি শাভির দল। প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের একবারও পরীক্ষা নিতে ব্যর্থ হওয়া দলটি বিরতির পর যা একটু চেষ্টা করে; তবে তাদের ৯ শটের সবগুলোই ছিল লক্ষ্যভ্রষ্ট।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজেদের পারফরম্যান্স নিয়ে ফুরফুরে মেজাজে দেখা গেল নাগেলসমানকে। কোচের আলাদা প্রশংসা পেলেন জিনাব্রি।

“আমাদের পারফরম্যান্স খুব শক্তিশালী, খুব পরিণত ছিল। আমরা জানতাম যে আমাদের ভালো খেলতে হবে, ভালোভাবে ডিফেন্ড করতে হবে এবং (আক্রমণ) শাণানোর জন্য অপেক্ষা করতে হবে। সের্গে (জিনাব্রি) অবিশ্বাস্য একটা ম্যাচ খেলেছে, আমাদের ডিফেন্সিভ লাইনও দুর্দান্ত খেলেছে।”

“৯৪ মিনিটে আমাদের বিপক্ষে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি... দল দুর্দান্ত খেলেছে।”

গ্রুপে বায়ার্ন ও বার্সেলোনার প্রথম সাক্ষাতে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। ওই ম্যাচে গোলের সহজ কিছু সুযোগ নষ্ট করেছিল লা লিগার ক্লাবটি।

নাগেলসমানের মতে, ওই ম্যাচে বার্সেলোনা নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারলে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরিস্থিতি ভিন্ন হতেও পারত।

“আমি বার্সার কোচ নই, তবে আমি মনে করি মিউনিখে আমরা কিছুটা ভাগ্যবান ছিলাম। যদি ওই ম্যাচের ফল ভিন্ন হত, তাহলে বার্সাকে আজ আরও শক্তিশালী দেখাত।”

পাঁচ রাউন্ডে শতভাগ সাফল্যে ১৫ পয়েন্ট নিয়ে বায়ার্ন হয়ে গেছে গ্রুপ সেরা। কেবল ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা বার্সেলোনা টানা দ্বিতীয়বারের মতো নেমে গেছে ইউরোপা লিগে।