২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিয়ম বহির্ভূতভাবে’ পেনাল্টি বাতিলে ক্ষুব্ধ আর্সেনাল কোচ

মিকেল আর্তেতার মতে ওই সিদ্ধান্ত পুরো সেমি-ফাইনালের গতিপথ বদলে দিয়েছে।

‘নিয়ম বহির্ভূতভাবে’ পেনাল্টি বাতিলে ক্ষুব্ধ আর্সেনাল কোচ
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 03:43 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

প্রথমে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। কিছুক্ষণ পর তাকে মনিটরে ডেকে পাঠালেন ভিএআর। অনেকটা সময় ধরে বেশ কয়েকবার দেখার পর সিদ্ধান্ত বদলে পেনাল্টি বাতিল করে দিলেন তিনি। যা স্বাভাবিকভাবেই ভালো লাগেনি আর্সেনালের। দলটির কোচ মিকেল আর্তেতা ক্ষোভ ঝেড়ে বললেন, ‘নিয়মের পরিপন্থী সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’

মেত্রোপলিতানোয় বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগ ১-১ সমতায় শেষ হয়। ম্যাচের দুটি গোলই হয় পেনাল্টি থেকে।

৪৪তম মিনিটে বুলেট গতির সফল স্পট কিকে আর্সেনালকে এগিয়ে নেন ভিক্তর ইয়োকেরেশ। ৫৬তম মিনিটে সমতা টানেন হুলিয়ান আলভারেস।

আরেকটি পেনাল্টি প্রায় পেয়েই গিয়েছিল আর্সেনাল। ৭৮তম মিনিটে বক্সে বদলি নামা এবেরেচি এজেকে চ্যালেঞ্জ জানান আতলেতিকো ডিফেন্ডার দাভিদ হান্সকো। সঙ্গে সঙ্গে পড়ে যান এজে, বাঁশি বাজাতেও দেরি করেননি ডাচ রেফারি ডেনি মাকেলি।

ফুটবলাররা তো বটেই, আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনেও বারবার রেফারিকে ভিএআর এর সাহায্য নেওয়ার আবেদন করেন। শেষ পর্যন্ত সেটাই হয়। ভিএআর এর ডাকে মনিটরে গিয়ে লম্বা একটা সময় ঘটনাটি পর্যবেক্ষণ করে আগের সিদ্ধান্ত বাতিল করেন রেফারি।

কিন্তু এতবার দেখে সিদ্ধান্ত বদল মেনেই নিতে পারছেন না আর্তেতা। তার মতে, এই পর্যায়ের ফুটবলে এভাবে পেনাল্টি বাতিল করা কাম্য নয়।

“আমি যেটা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ তা হলো, এজেকে ফাউলের পেনাল্টি সিদ্ধান্তটি যেভাবে বাতিল করা হলো, যখন সেখানে কোনো ‘ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর’ ছিল না। এই সিদ্ধান্ত খেলার গতিপথ বদলে দিয়েছে। আমি দুঃখিত, তবে এই পর্যায়ের ফুটবলে এমনটা কোনোভাবেই কাম্য নয়।”

“এটা নিয়মের পরিপন্থী, এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। স্পষ্ট শারীরিক স্পর্শ ছিল। রেফারি সিদ্ধান্ত দেওয়ার পর ১৩ বার দেখে সেটা পরিবর্তন করা যায় না।”

এরপর আর্তেতা বলেন চ্যাম্পিয়ন লিগের এই পর্যায়ে আসার পেছনে তাদের কঠোর পরিশ্রমের কথা।

“এই পর্যায়ে পৌঁছানোর জন্য নয় মাস ধরে যখন কঠোর পরিশ্রম করা হয়, আমি বলতে চাচ্ছি, এটি আরেকটি গোল যা পুরো লড়াইয়ের সমীকরণ বদলে দিল। এমনটা হতে পারে না। আমি দুঃখিত। এখানে আসতে অনেক শ্রম দিতে হয়েছে। এমন কিছু মানার মতো নয়।”

ম্যাচের রেফারিং নিয়ে কথা বলেন আতলেতিকো কোচ সিমেওনেও।

“প্রথম পেনাল্টি নিয়ে আমার মতামত হলো, ধাক্কাটা পেছন থেকে দেওয়া হয়েছিল, স্পর্শের জন্য সে অপেক্ষা করছিল। আমার মনে হয়, চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে এটা পেনাল্টি দেওয়ার জন্য যথেষ্ট ছিল।”

“হ্যান্ডবলটি ভিএআর দেখে দেওয়া হয়েছে, আর দ্বিতীয় পেনাল্টি সেই ভিএআর দেখেই বাতিল করা হয়েছে। মাঝেমধ্যে ভিএআর আপনাকে দেবে, আবার কখনো কেড়েও নেবে।”

দুই দলের দ্বিতীয় লেগ আগামী মঙ্গলবার, অ্যামিরেটস স্টেডিয়ামে।