২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডান সফরে ‘ইন্দোনেশিয়া ম্যাচে চোখ’ বাংলাদেশের

ইন্দোনেশিয়ার বিপক্ষের প্রথম প্রীতি ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবাই।

জর্ডান সফরে ‘ইন্দোনেশিয়া ম্যাচে চোখ’ বাংলাদেশের
জর্ডান সফরে দ্বিতীয় দিনের প্রস্তুতিতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 07:31 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

জর্ডান সফরে প্রথম পরীক্ষা ইন্দোনেশিয়ার বিপক্ষে;  বাংলাদেশ দলের বিশেষ নজরও এই ম্যাচ নিয়ে। কেননা, এই প্রথম তাদের বিপক্ষে খেলবে মেয়েরা।

আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে আগামী শনিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে দেশটিতে পৌঁছে বুধবার দ্বিতীয় দিনের প্রস্তুতি সেরেছে দল।

সফরটি বাংলাদেশ করছে মূলত জুন-জুলাইয়ের উইমেন’স এশিয়ান কাপের বাছাই সামনে রেখে। মিয়ানমারে যাওয়ার আগে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নিতে চান প্রধান কোচ পিটার জেমস বাটলার। 

ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৩৩তম) চেয়ে জর্ডান (৭৪তম) ও ইন্দোনেশিয়া (৯৪তম) ঢের এগিয়ে। সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর মতে, এই সফর থেকে মেয়েদের শেখার আছে অনেক কিছু। 

“সবাই সুস্থ আছে এবং মেয়েরা খুব সুন্দর প্র্যাকটিস করছে, গ্রাউন্ডও খুব ভালো। আশা করি, আমাদের মেয়েরা ভালো খেলবে। এখানে শেখার অনেক ব্যাপার আছে, আমরা হয়তবা এখান থেকে অনেক কিছু শিখব। সবাই অনেক খুশি এবং চাঙ্গা আছে।”

গত উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে পাঁচ গোল করেছিলেন তহুরা খাতুন। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এই ফরোয়ার্ড বললেন, ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় তারা।

“আমাদের দ্বিতীয় দিনের ট্রেনিং হয়েছে, তো আজকে ঘাসের মাঠে অনুশীলন ছিল, অনুশীলন ভালো হয়েছে। কালকের চেয়ে (মঙ্গলবার) চেয়ে আজকের আবহাওয়া ভালো ছিল, যে কারণে অনুশীলনও ভালো হয়েছে। সবাই ফিট, সবাই ভালো আছে।”

“আমরা এর আগে কখনও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলি নাই, অভিজ্ঞতাও নেই, এটা প্রথম; আমাদের লক্ষ্য থাকবে সর্বোচ্চটা দিয়ে খেলার, বাকিটা আল্লাহ জানেন, দেখা যাক।”