২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের জন্য এই জয় ‘দুর্দান্ত ও অবিশ্বাস্য’

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে পাওয়া জয়ে দারুণ উচ্ছ্বসিত ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 08:17 AM

Updated : 26 Aug 2026, 09:56 AM

হারের প্রবল চোখ রাঙানি উড়িয়ে পাওয়া জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে ইংল্যান্ড। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা বুকায়ো সাকার কাছে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তাই ‘বিশেষ কিছু।’ টাইব্রেকারে স্নায়ুর চাপের পরীক্ষায় শেষ শটে লক্ষ্যভেদ করা ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের মনে চলছে ‘দুর্দান্ত ও অবিশ্বাস্য’ অনুভূতির দোলুনি।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় গ্যারেথ সাউথগেটের দল। 

শিরোপাধারী ইতালিকে শেষ ষোলোয় হারিয়ে আসা সুইজারল্যান্ডই ডুসেলডর্ফের লড়াইয়ে এগিয়ে যায়, ৭৫তম মিনিটে ব্রিল এমবোলোর গোলে। পাঁচ মিনিট পর সাকা গতবারের রানার্সআপদের এনে দেন সমতার স্বস্তি। সাকার ওই গোলেই ম্যাচ টাইব্রেকারে টেনে নেয় ইংল্যান্ড।

ইউরোর আঙিনায় সবশেষ টাইব্রেকারের স্মৃতি মোটেও সুখকর ছিল না ইংল্যান্ডের জন্য। গত আসরের ফাইনালে ইতালির বিপক্ষে স্নায়ুর পরীক্ষায় হেরেছিল তারা। ওয়েম্বলির ফাইনালে পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডের তিন জন করেছিলেন মিস, তাদের একজন সাকা।

এবার বাজিমাত করার পর ম্যাচ সেরার পুরস্কার জেতা সাকা বললেন, জয়ের বিশ্বাস ছিল তাদের। আওড়ালেন গত ইউরোর ফাইনালে টাইব্রেকারে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হওয়ার তেতো স্মৃতিও।

“এই জয় আমি সেই জায়গাতেই রাখব, স্পেশাল। যেভাবে আমরা লড়াই করলাম এবং খেলা টাইব্রেকারে নিয়ে গেলাম; শেষবার ইউরোতে যখন আমরা পেনাল্টি শুটআউটে গিয়েছিলাম, আমরা জানি, কী হয়েছিল (ইংল্যান্ড হেরেছিল)। এবার বিশ্বাস ছিল আমার। আমার অনুভূতি হচ্ছে, ম্যাচজুড়ে আমরাই আধিপত্য করেছি এবং জানতাম সুযোগ আসবে এবং আমি সেটা নিতে পেরেছি-এজন্য নিজেকে নিয়ে গর্বিত আমি।”

“সৃষ্টিকর্তায় বিশ্বাসী আমি। অমন পরিস্থিতি (গত ইউরোর হার) থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন; আজ আমি সুযোগটা নিয়েছি। আমি মনে করি, এই জয় দেখাচ্ছে, এ টুর্নামেন্ট আমরা কতটা মরিয়াভাবে জিততে চাই। আশা করি, পরের ম্যাচে আমরা ৯০ মিনিটের মধ্যে জিতব, কিন্তু সেখানেও যদি টাইব্রেকারে যেতে হয়-(জয়ের জন্য) আমরা যেকোনো কিছু করব!”

পেনাল্টি শুটআউটে শুরুতেই সুইজারল্যান্ডের মানুয়েল আকনজির দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দলকে এগিয়ে নেন জর্ডান পিকফোর্ড। শেষ শটে বাকিটা সারার ভার ছিল অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের কাঁধে। দারুণভাবেই দায়িত্বটুকু সেরেছেন তিনি। সব মিলিয়ে পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডের পাঁচ শটেই জালের দেখা মেলে, জয় পাওয়ায় উচ্ছ্বাসের সীমা নেই অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের।

“দুর্দান্ত, অবিশ্বাস্য। এই গোলগুলোর জন্য আমরা নিজেদের তৈরি করেছিলাম। কঠিন প্রতিপক্ষ ছিল এবং আমাদের দল ভীষণ দৃঢ়তা, বিশ্বাস দেখাল, হৃদয় দিয়ে খেলল। আমরা জানতাম, কঠিন লড়াই হবে। যেভাবেই হোক না কেন, কোনো বিষয় নয়, আমরা জিতেছি এবং এটাই আমাদের কাছে মূল বিষয়।”

“এটা (টাইব্রেকার) নিয়ে আমরা অনুশীলন করেছি। যখন গ্যাফার (কোচ গ্যারেথ সাউথগেট) বলল, আমাকে একটা নিতে হবে। আমি টাইব্রেকারে শট নেওয়া উপভোগ করি এবং অনুশীলন করি- তাই জানতাম, আমাকে স্রেফ বাস্তবায়ন করতে হবে। আমাদের পাঁচটি পেনাল্টি শটই ছিল দারুণ।”