‘তিনটি ইপিএল শিরোপা ন্যায্যভাবে জিতেছি’, গুয়ার্দিওলাকে পাল্টা জবাব মরিনিয়োর
‘আদালতে অসংখ্য মামলা মোকাবিলা করে ফুটবল মাঠে জিততে চাই না’, ম্যানচেস্টার সিটি ও পেপ গুয়ার্দিওলাকে বিদ্রূপ জোসে মরিনিয়োর।
ম্যানচেস্টার সিটিকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো কোচ পেপ গুয়ার্দিওলার মন্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দিয়েছেন জোসে মরিনিয়ো। সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভঙ্গের অভিযোগের দিকে ইঙ্গিত করে সাবেক চেলসি কোচ বলছেন, তার প্রিমিয়ার লিগ শিরোপার সংখ্যা কম হলেও, সেগুলো ন্যায্য এবং পরিষ্কারভাবে জিতেছেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়হীন থেকে গত রোববার লিভারপুলের মাঠে গিয়ে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে হেরে যায় সিটি। ম্যাচ চলাকালে গুয়ার্দিওলাকে নিয়ে অ্যানফিল্ডে লিভারপুলের সমর্থকরা গান আর স্লোগান ধরেন, “কাল সকালেই তোমাকে বরখাস্ত করা হবে…।” সেসব শুনে এক পর্যায়ে গ্যালারির দিকে ছয় আঙুল উঁচিয়ে দেখান স্প্যানিশ কোচ। ইঙ্গিতটা পরিষ্কার, সিটির হয়ে ছয়টি লিগ শিরোপা জিতেছেন তিনি।
চেলসিকে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো মরিনিয়োর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে যখন বাজে সময় কাটছিল, তখন প্রতিপক্ষের সমর্থকদের একইভাবে তিন আঙুল উঁচিয়ে দেখান তিনি। লিভারপুলের বিপক্ষে হারের পর ২০১৮ সালের ডিসেম্বরে ইউনাইটেড থেকে বরখাস্ত করা হয় এই পর্তুগিজ কোচকে।
লিভারপুলের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলাকে প্রশ্ন করা হয়, তারও মরিনিয়োর মতো পরিণতি হতে পারে কি-না। উত্তরে তিনি বলেন, “আশা করি, আমার ক্ষেত্রে তা হবে না... তিনি (মরিনিয়ো) তিনটি (প্রিমিয়ার লিগ শিরোপা) জিতেছেন, আর আমি জিতেছি ছয়টি… তবে আমরা একইরকম।”
সিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগের প্রেক্ষিতে শুনানি শুরু হয়েছে। সেদিকে ইঙ্গিত করে শুক্রবার গুয়ার্দিওলার মন্ত্যব্যের জবাব দেন বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচের দায়িত্বে থাকা মরিনিয়ো।
“গুয়ার্দিওলা আমার সম্পর্কে কিছু বলেছেন... তিনি ছয়টি ট্রফি জিতেছেন এবং আমি তিনটি জিতেছি, কিন্তু আমি ন্যায্য এবং পরিষ্কারভাবে জিতেছি।”
“আমি হেরে গেলে প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই, কারণ তারা আমার চেয়ে ভালো ছিল। আমি আদালতের ১৫০টি মামলা মোকাবিলা করে জিততে চাই না।”
মরিনিয়োর বক্তব্যের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সিটি।
মরিনিয়ো এর আগেও সিটিকে এক হাত নিয়েছেন। বলেছিলেন, শাস্তিস্বরূপ সিটির লিগ শিরোপা কেড়ে নিয়ে যদি ইউনাইটেডকে দেওয়া হয়, তাহলে তার প্রিমিয়ার লিগ শিরোপা হবে চারটি; ২০১৭-১৮ মৌসুমে মরিনিয়োর কোচিংয়ে লিগে দ্বিতীয় হয়েছিল ইউনাইটেড।
