ভারতের বিপক্ষে ‘শিহরণ জাগানিয়া’ ম্যাচের ক্যাম্প শুরু
প্রাথমিক দল ৩৮ জন থেকে কমিয়ে ৩০ জন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।
ভারত ম্যাচ সামনে রেখে ক্যাম্পে একে একে যোগ দিলেন জামাল ভূঁইয়া, সোহেলা রানা, মিতুল মারমারা। হোটেলের লবিতে হাসিখুশি দেখা গেল সবাইকে। কোচ হাভিয়ের কাবরেরাও বললেন, শিহরন জাগানিয়া ম্যাচ অপেক্ষা করছে তাদের জন্য।
শিলংয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ উপলক্ষে শনিবার থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।
ভারত ম্যাচের প্রস্তুতি হবে ঢাকায় ও সৌদি আরবে। সৌদি আরবের অংশে যোগ দিবেন ইতালিয়ান ফুটবলের চতুর্থ স্তর সেরি ডিতে খেলা ফরোয়ার্ড ফাহামেদুল ইসলাম। আর শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা রয়েছে ১৮ মার্চ।
প্রাথমিক দল ৩৮ জন থেকে কমিয়ে ৩০ জন করেছেন কারবেরা। ঢাকার প্রস্তুতি কাবরেরা শুরু করবেন ২৮ জন নিয়ে। আট জনকে হুট করে বাদ দেওয়ায় কিছুটা সমালোচনার মুখে পড়েছেন কোচ। প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলা দেখে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানালেন কাবরেরা।
“ভারত ম্যাচের আগে চার সপ্তাহের প্রস্তুতির সুযোগ পাচ্ছি। অনেক দিন পর সবাইকে একসাথে পাওয়াটা ইতিবাচক ব্যাপার। কেননা, এ সময়ে আমরা গ্লেম প্ল্যান নিয়ে কাজ করতে পারব। সৌদিতে প্রায় দুই সপ্তাহ প্রস্তুতি নিব। এরপর ঢাকায় ফিরে শিলংয়ে রওনা দেব। আমি মনে করি, আমরা পরিপূর্ণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।”
“দশম রাউন্ডের খেলার পর আমি এই আট জনকে বাদ দিয়েছি। ওদের সাথে আমার কথা হয়েছে। ফুটবলে এটা স্বাভাবিক একটা বিষয়। শেষ পরযন্ত হামজাকে আমরা পাচ্ছি। সে নিজেও এই ম্যাচটা নিয়ে ভীষণ শিহরিত। হামজা ও ফাহামেদুলের সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। কিছু ভিডিও ও নির্দেশনা তাদেরকে দিয়েছি। পরে তারা প্রস্তুতিতে যোগ দিবে। ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই শিহরণ জাগানিয়া ম্যাচ হবে।”
রক্ষণের অভিজ্ঞ সেনানি তপু বর্মনের আশা, হামজা দেরিতে দলে যোগ দিলেও তার সঙ্গে মানিয়ে নিতে পারবে দল। হামজা ও ফাহামেদুলরা আসায় দলের মধ্যে জায়গা পাওয়ার লড়াইটাও উপভোগ করছেন তপু।
“হামজার অন্তুর্ভুক্তি আমাদের দলের সবাই জন্যই রোমাঞ্চকর (এক্সাইটিং) ব্যাপার। ইতিবাচক ব্যাপার। তার লেস্টার সিটিতে খেলা আমি অনেক আগে থেকেই দেখি। আমার মনে হয়, তার আসা আমাদের ফুটবলের জন্য বড় একটা ব্যাপার।”
“আশা করি, আমরা সবাই তাকে সহযোগিতা করতে পারব। সে যখনই আসবে, সে যেন আমাদের সাথেও তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, আমরা সেই চেষ্টা করব। হামজার আসা আমাদের জন্য…আমি মনে করি, চাপ থাকা ভালো। চাপ থাকবেই। চাপ না থাকাই নেতিবাচক ব্যাপার।”
