২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেলেও দলের পারফরম্যান্সে খুশি নন টুখেল

তবে ইংল‍্যান্ড কোচের বিশ্বাস, বিশ্বকাপে ঠিকই নিজেদের মেলে ধরতে পারবেন কেইন-বেলিংহ‍্যামরা।

জয় পেলেও দলের পারফরম্যান্সে খুশি নন টুখেল
ইংল‍্যান্ড কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 07:15 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

বিশ্বকাপের আগে প্রীতি ম‍্যাচে দলের পারফরম‍্যান্সে খুশি নন ইংল‍্যান্ড কোচ টমাস টুখেল। তবে খেলোয়াড়দের সমালোচনা করলেও, বিশ্ব মঞ্চে ভালো করার ব‍্যাপারে তাদের ওপর আস্থা রাখছেন তিনি। 

নিউ জিল‍্যান্ডের বিপক্ষে শনিবার ১-০ গোলের জয় পায় ইংল‍্যান্ড। এবারের বিশ্বকাপে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে একমাত্র গোলটি করেন হ‍্যারি কেইন। 

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৫ নম্বরে থাকা নিউ জিল‍্যান্ডের বিপক্ষে ৭১ শতাংশ সময় বল দখলে রাখে ইংল‍্যান্ড। গোলের জন‍্য ২৩ শট নেয় তারা; কিন্তু সেই অনুযায়ী সাফল‍্য মেলেনি। দ্বিতীয়ার্ধে পুরো দল পাল্টে ফেলেন টুখেল।

ম‍্যাচ শেষে পারফরম‍্যান্স নিয়ে এক প্রশ্নের উত্তরে খেলোয়াড়দের সমালোচনা করলেন ইংল‍্যান্ড কোচ।

“প্রথমার্ধে আমরা ঠিক পজিশনে ছিলাম না… যা আমাদের খেলা মন্থর করে দিয়েছিল এবং প্রতি-আক্রমণে যাওয়া কঠিন করে তুলেছিল। আক্রমণের সময় আমরা যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানে ছিলাম না।”

“প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধের খেলা আমার ভালো লেগেছে। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে আমাদের খেলা আরও ধারাল ছিল। তখন আমরা বল ছাড়া ও বল পায়ে বেশি আগ্রাসী ছিলাম, কিছুটা বেশি সুযোগ তৈরি করেছি।”

আগামী বৃহস্পতিবার কোস্টা রিকার বিপক্ষে আরেকটি প্রীতি ম‍্যাচ খেলবে ইংল‍্যান্ড। ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম‍্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুখেলের দল। 

মৌসুম জুড়েই দারুণ ছন্দে আছেন কেইন, বিশ্বকাপ অভিযানের আগে ইংল্যান্ড দলকে যা আরও আশাবাদী করে তুলছে। বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৫১ ম‍্যাচে তিনি করেছেন ৬১ গোল। নিউ জিল‍্যান্ডের বিপক্ষে চমৎকার হেডের পর, দেশের হয়ে তার গোল হলো ৭৯টি। টুখেলের বিশ্বাস অধিনায়কের হাত ধরে বিশ্বকাপে এগিয়ে যাবে ইংল‍্যান্ড।

“কেইট এটাই করে। সে সবসময় গোল করে। দিন শেষে, এটা ছিল ব‍্যবধান গড়ে দেওয়া গোল। সবসময়ের মতো।” 

“যদি আপনি গোল করেন, এটা আপনাকে সাহায‍্য করবে এবং আরেকটু বেশি ছন্দ এনে দেবে, আরেকটু বেশি আত্মবিশ্বাস যোগাবে। ১-০ ব‍্যবধানে এগিয়ে থেকে শুরু করতে পারায় দ্বিতীয় গ্রুপের জন‍্য কাজ কিছুটা সহজ ছিল। হ্যারি সেরা ফর্মে আছে এবং আমি মনে করি, যখন চাপ আসবে এবং টুর্নামেন্ট শুরু হবে, সেটা আমাদের খেলোয়াড়দের সেরাটা বের করে আনবে।”