২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস ও মোহামেডানের চাই ‘বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ’

নতুন ঘরানার এই লড়াইয়ে শিরোপা জিতে ২০২৪-২৫ মৌসুম শুরু করতে মুখিয়ে আছে দুই দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 07:20 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

দেশের ফুটবলে নতুন ঘরানার আসর বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ। নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ।’ এক ম্যাচেই নির্ধারিত হবে শিরোপা।

প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ জয়ীদের মুখোমুখি হওয়ার কথা ছিল এই ম্যাচে। বসুন্ধরা কিংস দুটি শিরোপাই জেতায় ফেডারেশন কাপের রানার্সআপ মোহামেডান সুযোগ পেয়েছে ম্যাচটি খেলার। দুই দলেরই এখন চাওয়া শিরোপার হাসি নিয়ে ২০২৪-২৫ মৌসুম শুরু করা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকাল ৫টায় মুখোমুখি হবে দুই দল। দুর্বার কিংসকে সাম্প্রতিক সময়ে যা একটু চ্যালেঞ্জ জানাচ্ছে মোহামেডানই। গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে কিংসের বিপক্ষে লড়াই করে হেরেছিল তারা। প্রিমিয়ার লিগও ‘সাদাকালো’ জার্সিধারীরা শেষ করেছিল কিংসের পেছনে থেকে।

নতুন মৌসুমের শুরুতে নতুন স্বপ্নের উঁকি মোহামেডান কোচ আলফাজ আহমেদের চোখে। টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন কিংসকে সমীহ করছেন তিনি, তবে সাবেক এই ফরোয়ার্ড নিজের চোটমুক্ত দল নিয়েও আত্মবিশ্বাসী।

“এই আসরে আমরা এই প্রথমবার খেলতে যাচ্ছি। আমরা ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি এই ম্যাচটা খেলার জন্য। দলে কোনো চোট সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা জয়ের জন্য মাঠে নামব। এই টুর্নামেন্ট বা এই ম্যাচ আমাদের কাছে একেবারেই নতুন, তবে আমাদের চেষ্টা থাকবে এই ম্যাচে ভালো করে নতুন বছরটা আরও ভালোভাবে শুরু করার।”

ঘরোয়া ফুটবলে হারিয়ে ফেলা সোনালি দিন আলফাজের হাত ধরে ফিরে পেতে উন্মুখ মোহামেডান। চ্যালেঞ্জ কাপের পাশাপাশি প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপে এখনই দৃষ্টি দিচ্ছে তারা। অন্যদিকে কিংসের ডাগআউটে এসেছে পরিবর্তন। অস্কার ব্রুসনের বদলে হাল ধরেছেন ভালেরি তিতে। কোচ বদলে কিংসের কোনো পরিবর্তন দেখছেন না আলফাজ।

“আগের বসুন্ধরা কিংস ও এই বসুন্ধরা কিংস একই দল। অস্কার ব্রুসন ভালো করছিলেন, বর্তমান কোচও ভালো । বসুন্ধরা কিংস বাংলাদেশের সেরা দল। মোহামেডানে কোচ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, মোহামেডানে খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ। মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব। আমরা তিনটি টুর্নামেন্টে শিরোপার জন্য লড়ব।”

কোচের পাশে বসে ডিফেন্ডার মেহেদী হাসানও আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন চ্যালেঞ্জ কাপ নিয়ে লক্ষ্য।

“চ্যালেঞ্জ কাপটা আমাদের কাছে নতুন। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আশা করি আমরা জিততে পারব। মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব, আমাদের প্রস্তুতিও আছে শতভাগ। কোচও বলছেন আমাদের কোনো চোট নেই। আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব।”

কদিন আগে ভুটান থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্ব থেকে তিতের দল বিদায় নেয় সবগুলো ম্যাচ হেরে। ওই আসরে ১৬টি সুযোগ তৈরি করে মাত্র ১টি কাজে লাগাতে পারে কিংস। কার্ডের খাড়ায় এই ম্যাচে আবার দলটি পাচ্ছে না আক্রমণভাগের নির্ভরতা রাকিব হোসেনকে। সংবাদ সম্মেলনে কিংস কোচের কণ্ঠে অবশ্য ঘুরেফিরে এলো ভুটানের এএফসি চ্যালেঞ্জ লিগের প্রসঙ্গ।

“আগামীকাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষ করে ভুটানের ম্যাচের (এএফসি চ্যালেঞ্জ লিগের) পর আমরা দলটাকে প্রস্তুত করেছি। মোহামেডান কঠিন প্রতিপক্ষ। আমি মনে করি ছেলেরা আগামীকাল নিজেদের সর্বোচ্চটুকু দেবে। আশা করি, সেরা দলই জিতবে।”

ডিফেন্ডার সাদউদ্দিন অবশ্য মুখিয়ে আছেন ভুটানের তেতো স্মৃতি ভুলে নতুন মৌসুম জয় দিয়ে শুরু করতে।

“কাল আমাদের মৌসুমের প্রথম ম্যাচ। এটা অনেক বড় চ্যালেঞ্জ আমরা ভুটানে খারাপ রেজাল্ট করে এসেছি বলে। কাল আমরা চেষ্টা করব, জিতে মৌসুমটা ভালোভাবে শুরু করতে।”