২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলকে জিতিয়ে মেসি বললেন, ‘ভয়ে ভয়ে খেলেছি’

চোট থেকে ফিরে মাঠে নেমে শুরুতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি, ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর স্বীকার করে নিলেন আর্জেন্টাইন তারকা।

দলকে জিতিয়ে মেসি বললেন, ‘ভয়ে ভয়ে খেলেছি’
ইন্টার মায়ামির জয়ের নায়ক লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ম্যাচের অনেকটা সময় ধরে নিজের ছায়া হয়ে ছিলেন। পরে জ্বলে উঠে জোড়া গোল করে জেতালেন দলকে। ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর লিওনেল মেসি স্বীকার করে নিলেন, চোট থেকে ফিরে মাঠে নেমে শুরুতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি।

ফ্লোরিডায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের সেমি-ফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় মায়ামি। 

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানেন মেসি। ৮৮তম মিনিটে জর্দি আলবার পাস থেকে দারুণ নৈপুণ্যে আরেকটি গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা। যোগ করা সময়ে দলের তৃতীয় গোলেও ভূমিকা রাখেন রেকর্ড আটবারের ব্যালন দ'র জয়ী।

পেশির চোট এই মাসে বেশ ভুগিয়েছে মেসিকে। চোট কাটিয়ে তিন ম্যাচ পর মাঠে ফিরে গত ১৭ অগাস্ট মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সির বিপক্ষে দলের ৩-১ গোলের জয়ে বড় অবদান রাখেন তিনি। কিন্তু একই চোটে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের পরের দুই ম্যাচে আবার বাইরে থাকতে হয় ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডকে।

অরল্যান্ডো সিটির বিপক্ষে জয়ের পর মেসি বলেন, এই ম্যাচ খেলার জন্য নিজেকে প্রস্তুত রেখেছিলেন তিনি।

“আমি এখানে থাকতে চেয়েছিলাম। যখন আমি (এলএ) গ্যালাক্সির বিপক্ষে ফিরলাম, তখন কিছুটা অস্বস্তি অনুভব করি, আমি স্বাচ্ছন্দ্য বোধ করিনি, তবে আমি এই ম্যাচ খেলতে চেয়েছিলাম।”

“এই ম্যাচ খেলা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা (অরল্যান্ডো সিটি) কঠিন প্রতিপক্ষ, এই বছর (পূর্বে) তাদের বিপক্ষে যে দুটি ম্যাচ আমরা খেলেছি, সেখানে আমাদের পরাজিত করেছে তারা। প্রথমার্ধে আমি কিছুটা ভয়ে ভয়ে খেলেছি, তবে এরপর (আরও) স্বাচ্ছন্দ্য বোধ করেছি।”

মেসির অনুপস্থিতিতে গত ১১ অগাস্ট মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল মায়ামি।

লিগস কাপের ফাইনালে আগামী রোববার সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে মায়ামি।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের তিন আসরে মায়ামির দ্বিতীয় ফাইনাল এটি। ২০২৩ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৪ সালে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল তারা।