১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ মাসকটের ছদ্মবেশে মাদক কারবারিকে ধরল পেরুর পুলিশ

ওই মাদক কারবারি কট্টর ফুটবল সমর্থক, তাই এমন ছদ্মবেশ নেয় পুলিশ।

বিশ্বকাপ মাসকটের ছদ্মবেশে মাদক কারবারিকে ধরল পেরুর পুলিশ
২০২৬ বিশ্বকাপের তিন মাসকট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 10:49 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরুর পুলিশ। ২০২৬ বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশে অভিযান চালিয়েছে তারা।

দেশটির রাজধানী লিমায় গত বুধবার ঘটে চমক জাগানিয়া এই ঘটনা। পুলিশের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপের তিন মাসকটের দুটি ‘ক্লাচ’ ও ‘মেপল’ এর পোশাক পরা পুলিশ সদস্যরা একটি ব্যাটারিং র‍্যাম দিয়ে গেট ভেঙে ফেলছেন এবং এরপর সাদা ভেস্ট পরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করছেন।

ভিডিওটিতে পুলিশ সদস্যদের সাদা পাউডারের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতেও দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল: “বিশ্বকাপ আবহ: ‘পিচিচি’র পতনের মধ্য দিয়ে অভিযান সমাপ্ত।”

এভাবে অভিযানের পেছনের কারণ তুলে ধরেন পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেডি আলকান্তারা।

“গোয়েন্দা তথ্যে আমরা নিশ্চিত হতে পারি যে, যাকে আমরা গ্রেপ্তার করতে যাচ্ছিলাম, সে একজন কট্টর ফুটবল সমর্থক এবং বিশ্বকাপ উন্মাদনায় ছিল সে।”

“তাই সন্দেহ জাগানো ছাড়াই তার কাছে গিয়ে তাকে গ্রেপ্তার করার জন্য আমার গ্রিন স্কোয়াডের সদস্যদের বিশ্বকাপ মাসকটের ছদ্মবেশে সাজাই আমরা।”

পেরুর পুলিশের এমন নজরকাড়া পোশাক পরে অভিযান চালানোর ঘটনা এটিই প্রথম নয়।

২০২৫ সালের ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইনস ডে) লিমায় মাদক সংক্রান্ত তদন্তে গ্রেপ্তার করার জন্য একজন সদস্য কচ্ছপের আকৃতির ব্যাকপ্যাকসহ ক্যাপিবারার মতো পোশাক পরেছিলেন। এর আগেও অন্যান্য সদস্যরা মার্ভেল সুপারহিরোদের ছদ্মবেশ ধারণ করেছেন।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ দলের মধ্যে নবম স্থান অর্জন করায় পেরু এই বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। বিশ্ব মঞ্চে তাদের সবশেষ দেখা গেছে ২০১৮ সালে।