২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে পাকিস্তানের কাছে উড়ে গেল বাংলাদেশ

বড় হার দিয়ে হকি বিশ্বকাপ বাছাইয়ে ওঠার প্লে-অফ সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

হকিতে পাকিস্তানের কাছে উড়ে গেল বাংলাদেশ
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বাংলাদেশ ও পাকিস্তান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 04:02 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

প্রথম কোয়ার্টারের পর সময় যত গড়াল দুই দলের পার্থক্য স্পষ্ট হতে থাকল ততই। শুরুর দিকে বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের চোখে চোখ রেখে লড়াই করা বাংলাদেশ পরে একটু একটু করে পিছিয়ে পড়তে থাকল। তিন ম্যাচের প্লে-অফ সিরিজ শুরু করল বড় ব্যবধানে হেরে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার পাকিস্তানের বিপক্ষে ৮-২ গোলে হেরেছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে দুই দল। এই প্লে-অফ সিরিজের জয়ী দল পাবে আগামী বছর নেদারল্যান্ডসে হতে যাওয়া বিশ্বকাপের বাছাইয়ে খেলার সুযোগ।

বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায় দুটি। চতুর্থ মিনিটে পাকিস্তানের এক খেলোয়াড়ের শট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান রোমান সরকার। সঙ্গে সঙ্গেই টার্ফে লুটিয়ে পড়েন তিনি। মাথায় দিয়ে রক্ত ঝরতে থাকে। মাথায় ব্যান্ডেজ করে, প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর পেনাল্টি স্ট্রোক থেকে পাকিস্তানকে এগিয়ে নেন অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। 

প্রথম কোয়ার্টারেই এই ধাক্কা সামলেও নেয় বাংলাদেশ। শেষ দিকে রিভার্স হিটে হুজাইফা হোসেন সমতার স্বস্তি এনে দেন দলকে। এরপর থেকে ছন্দ হারিয়ে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে নাদিম আহমেদের ফিল্ড গোলে এগিয়ে যায় পাকিস্তান। ২৪তম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান আরও বাড়ান আফরাজ। এই কোয়ার্টারের শেষ দিকে দারুণ হিটে নিজের দ্বিতীয় গোলও তুলে নেন তিনি।

তৃতীয় কোয়ার্টারে আল গাজানফার ও ওয়াহিদ রানার গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারের শুরুতে শাহিদ হান্নানের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ে। বাকি সময়ে আশরাফুল-সবুজরা আর গোল হজম না করার দিকেই মনোযোগী হয়, কিন্তু ৫৬তম মিনিটে নাদিম আহমাদ নিখুঁত হিটে পাকিস্তানকে এনে দেন অষ্টম গোল।

৫৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ব্যবধান কমানো দ্বিতীয় গোলটি এনে দেন আমিরুল ইসলাম।