১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমরা দুজনই ক্লাবের জন্য সেরাটা চাই’, সালাহর মন্তব্য নিয়ে স্লট

দলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলা সালাহকে শেষ ম্যাচে খেলানো হবে কি না, নিশ্চিত করতে রাজি হননি লিভারপুল কোচ।

‘আমরা দুজনই ক্লাবের জন্য সেরাটা চাই’, সালাহর মন্তব্য নিয়ে স্লট
আর্না স্লট ও মোহামেদ সালাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 10:12 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

লিভারপুলের খেলার ধরন নিয়ে মোহামেদ সালাহর মন্তব্যের পর কোচ আর্না স্লট বললেন, তাদের দুজনের লক্ষ্য একই, আর সেটা হলো যতটা সম্ভব দলকে সফল করে তোলা। তবে মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়তে চলা এই মিশরীয় তারকাকে শেষ ম্যাচে খেলানো হবে কি না, নিশ্চিত করতে রাজি হননি ডাচ কোচ।

প্রিমিয়ার লিগে গত শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-২ গোলের হারের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা শঙ্কায় পড়লে, সালাহ সামাজিক মাধ্যম এক্স-এ দলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দলকে আক্রমণাত্মক কৌশলে ফেরার আহ্বান জানান, যেটা অতীতে সাফল্য এনেছিল দিয়েছিল।

সালাহর মন্তব্য নিয়ে প্রশ্নে শুক্রবার সংবাদ সম্মেলনে নিজের অভিমত তুলে ধরেন লিভারপুল কোচ স্লট।

“মো (সালাহ) ও আমার লক্ষ্য একই, আমরা এই ক্লাবের জন্য সেরাটা চাই, আমরা চাই দল যতটা সম্ভব সফল হোক। আমরা দুজনেই আমাদের সমর্থকদের পাঁচ বছরের মধ্যে প্রথম (লিগ) শিরোপা এনে দেওয়ার অংশ ছিলাম, কিন্তু আমরা এটাও জানি যে, এই মৌসুমে সেই একই মানের পারফরম্যান্স দেখাতে পারিনি আমরা।”

“আমি এবং আমরা চাই ক্লাবটি যেন গত মৌসুমের মতোই সফল হয়। আর এখন আমার মূল লক্ষ্য এটাই, কারণ রোবারের ম্যাচটি আগামী মৌসুমের জন্য আমাদের দারুণ ভিত্তি গড়ে দিতে পারে।”

মৌসুমের শেষ ম্যাচে রোববার অ্যানফিল্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মুখোমুখি হবে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে গতবারের প্রিমিয়ার লিগ জয়ীদের প্রয়োজন এক পয়েন্ট।

এটিই হতে যাচ্ছে লিভারপুলের হয়ে সালাহর শেষ ম্যাচ। এখানে ৩৩ বছর বয়সী সালাহর খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু বললেন না স্লট।

“আমি দল নির্বাচন নিয়ে কখনও কিছু বলি না, তাই যদি এখন সেটা বলি, তাহলে আপনারা অবাক হবেন।”

লিভারপুলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে আছেন সালাহ। এই মৌসুমে দলের অধারাবাহিকতার কথা তুলে ধরে সাবেক কোচ ইয়র্গেন ক্লপের কোচিংয়ে সাফল্য পাওয়া সেই আক্রমণাত্মক কৌশলে ফেরার আহ্বান জানিয়েছিলে তিনি।

ক্লপের সময়ে বড় সব শিরোপাই জেতে লিভারপুল। তার হাত ধরেই তিন দশকের হতাশা ঘুচিয়ে ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জয়ের স্বাদ পায় দলটি। তার আগের মৌসুমে তারা উঁচিয়ে ধরে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও।

ক্লপের সঙ্গে সালাহর সম্পর্ক যেমনটা ছিল, স্লটের সঙ্গে তেমন নয়। গত ডিসেম্বরের শুরুতে টানা তৃতীয় ম্যাচে বাদ পড়ার পর ক্লাবের বিরুদ্ধে তাকে ‘বলির পাঁঠা বানানোর’ অভিযোগ তোলেন সালাহ। এছাড়া প্রকাশ্য উত্তপ্ত বাক্যবিনিময়ে ইঙ্গিত দেন যে, স্লটের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে।