নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনাও করতে পারছেন না এমবাপে
তবে কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তকে সম্মান করার কথাও বললেন এই ফরাসি ফরোয়ার্ড।
বিশ্বজুড়ে অনেক ব্রাজিল সমর্থক এবং নিরপেক্ষ অনেক সমর্থকের মনের কথাই যেন ফুটে উঠল কিলিয়ান এমবাপের কণ্ঠে। নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতেই পারছেন না ফরাসি এই ফরোয়ার্ড। তার বিশ্বকাপ, ব্রাজিলিয়ান এই তারকা ঠিকই প্রস্তুত হয়ে উঠবেন ও বিশ্বকাপে খেলবেন।
বস্টনে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার খেলবেন এমবাপেরা। তবে সেই লড়াইয়ে নেই নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর দেশের জার্সিতে আর দেখা যায়নি তাকে। ব্রাজিলের ইতিহাসের সফলতম গোল স্কোরারের বিশ্বকাপ ভাগ্যও অনিশ্চিত। কোচ কার্লো আনচেলত্তি বারবার বলে আসছেন, শতভাগ ফিট হলেই কেবল নেইমারকে দলে নেবেন তিনি।
নেইমার না থাকলেও ভিনিসিউস জুনিয়র আছেন দলে। ক্লাব সতীর্থের বিপক্ষে দেশের হয়ে লড়বেন এমবাপে। রেয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিউসের পারফরম্যান্সের সঙ্গে ব্রাজিলের হয়ে তার পারফরম্যান্সের ফারাক বিস্তর। ব্রাজিল-ফ্রান্সের এই লড়াইয়ের আগে ভিনিসিউস-নেইমার, দুজনকে নিয়েই জিজ্ঞেস করা হলো এমবাপেকে।
ভিনিসিউসকে তিনি বললেন দেশের জার্সিতে জ্বলে উঠতে আর নেইমারের জন্য বরাদ্দ থাকল কেবলই স্তুতি।
“ভিনিকে এখন জাতীয় দলের হয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে, কিন্তু নেইমার তো নেইমারই। সে অসাধারণ এক ফুটবলার। ফিফা বিশ্বকাপ হলো তারকাদের প্রতিযোগিতা। সব তারকার সেখানে থাকবেন এবং আমার মতে নেইমার সর্বকালের সেরাদের একজন।”
“নেইমারকে ছাড়া আমি বিশ্বকাপের কথা ভাবতেই পারি না। কিন্তু শেষ পর্যন্ত আমি তো আর আমার সাবেক কোচ কার্লো আনচেলত্তির বিরুদ্ধে যেতে পারি না। তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে আমার।”
সান্তোসের হয়ে গত কিছুদিনে নেইমারের পারফরম্যান্সে উন্নতির ছাপ পড়েছে স্পষ্টই। এমবাপের ধারণা, বিশ্বমঞ্চে লড়ার জন্য ঠিকই তৈরি হয়ে উঠবেন তার সাবেক পিএসজি-সতীর্থ।
“আমার মতে, নেইমার এমন একজন, যে পার্থক্য গড়ে দিতে পারে এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি তার সঙ্গে খেলেছি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখন দেখতে হবে সে কেমন আছে। কিন্তু আমি তাকে চিনি। সে প্রস্তুত থাকবে, সে ঠিকই মাঠে নামবে।”
