রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করে না, দাবি আল নাস্রের প্রধান নির্বাহীর
তবে দলের অনেক কিছুতে পর্তুগিজ তারকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন ফিয়েঙ্গা।
কেবল মাঠের ভেতরে নয়, বাইরেও ক্লাবের অনেক সিদ্ধান্তে প্রভাব খাটান ক্রিস্তিয়ানো রোনালদো- আল নাস্র ঘিরে এমন গুঞ্জনের জবাব দিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী গিদো ফিয়েঙ্গা। পরিষ্কার করে তিনি বলেছেন, রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না।
তবে হ্যাঁ, দলের অনেক কিছুতে পর্তুগিজ মহাতারকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন ফিয়েঙ্গা।
চলতি মৌসুমে শুরুটা একেবারে ভালো হয়নি সৌদি প্রো লিগের ক্লাবটির। লিগে তিন ম্যাচে মাত্র একটিতে জয়ের পর, গত বুধবার কোচ লুইস কাস্ত্রোকে ছাঁটাই করে দেয় ক্লাব কর্তৃপক্ষ।
ওইদিনই ক্লাবের এক অনুষ্ঠানে ফিয়েঙ্গা দলে রোনালদোর ভূমিকা পরিষ্কার করেন।
“ক্রিস্তিয়ানো রোনালদো আমাদের অধিনায়ক এবং তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়, কেবল কৌশলগতভাবেই নয় বরং দলে আচরণের দিক থেকেও।”
“ক্রিস্তিয়ানো রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করে না। তবে অবশ্যই, বিশ্বের এক নম্বর ফুটবলার হিসেবে তিনি আমাদেরকে লক্ষ্যের দিকে পথ দেখান এবং সেখানে পৌঁছানোই আমাদের লক্ষ্য। তিনি একজন বিজয়ী এবং কীভাবে জিততে হয়, সেটা আমরা তার থেকে শিখতে চাই।”
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা, পর্তুগালের হয়ে ২০১৬ সালের ইউরো জয়ী এবং ক্লাব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন রোনালদো। ৩৯ বছর বয়সেও ধারাবাহিকভাবে গোল করে চলেছেন তিনি, কদিন আগে ছুঁয়েছেন ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক।
সৌদি ক্লাবটির হয়েও একই ছন্দে ছুটে চলেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দলটির হয়ে এ পর্যন্ত গোল করেছেন ৬২টি। তবে শিরোপা বেশি জিততে পারেননি; ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ সালের ডিসেম্বরে আল নাস্রে যোগ দেওয়ার পর থেকে কেবল ২০২৩ এর আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের স্বাদ পেয়েছেন তিনি।
