২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোলে পিছিয়ে পড়েও কিংসকে রুখে দিল আবাহনী

সুলেমানে দিয়াবাতে পেনাল্টিতে ব্যর্থ হওয়ায় জিততে পারেনি আবাহনী।

দুই গোলে পিছিয়ে পড়েও কিংসকে রুখে দিল আবাহনী
বসুন্ধরা কিংস-আবাহনী ম্যাচের একটি দৃশ্য। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

শুরুতে দুই গোলে এগিয়ে গেল বসুন্ধরা কিংস। ব্যবধান ঘুচিয়ে ম্যাচ জমিয়ে তুলল আবাহনী। পরে ম্যাচের লাগাম মুঠোয় নেওয়ার সুযোগও পেল আকাশি-নীল জার্সিধারীরা, কিন্তু সুলেমানে দিয়াবাতে পেনাল্টিতে ব্যর্থ হওয়ায় দুই বড় দলের লড়াই শেষ হলো পয়েন্ট ভাগাভাগি করে।

বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার অষ্টম রাউন্ডের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। বছরের শেষ লিগ ম্যাচে জয়ে ফেরা না হলেও কিংস ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আবাহনী।

আগের রাউন্ডে পুলিশ এফসির কাছে হেরে আসা কিংস এগিয়ে যায় পঞ্চম মিনিটে। ইয়াসিন খানের ভুল পাস থেকে পাওয়া বল দরিয়েলতন গোমেস নাসিমেন্তো থ্রু পাস বাড়ান রাকিব হোসেনের উদ্দেশে। বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

ষোড়শ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। রক্ষণের বাধা এড়িয়ে দোরিয়েলতন পাস বাড়ান ইমানুয়েল সানডেকে, সহজেই মিতুল মারমাকে পরাস্ত করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

তিন মিনিট পরই সফল স্পট কিকে আবাহনীর ব্যবধান কমান সুলেমানে দিয়াবাতে। পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া আবাহনী ৫১তম মিনিটে দিয়াবাতের গোলেই সমতায় ফেরে। শেখ মোরসালিনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মালির এই ফরোয়ার্ড।

৭০তম মিনিটে আবারও পেনাল্টি পায় আবাহনী। কিংসের ডিফেন্ডার এমানুয়েল টনি অবিশ্বাস্য এক ভুল করে বসেন। অফসাইড ভেবে বক্সের মধ্যেই হাত দিয়ে বল ধরে ফেলেন তিনি! দিয়াবাতের স্পট কিক ফিরিয়ে কিংসের ত্রাতা আনিসুর রহমান জিকো।

লিগে এ নিয়ে টানা দ্বিতীয় ড্র আবাহনীর। আগের রাউন্ডে পিডাব্লিউডির সাথে একই স্কোরলাইনে পয়েন্ট ভাগাভাগি করেছিল মারুফুল হকের দল।