স্পেনের বিপক্ষে ৩৬ বছরের অপেক্ষা ফুরাবে জার্মানির?
১৯৮৮ সালের পর স্পেনের বিপক্ষে কোনো টুর্নামেন্টে ম্যাচ জেতেনি জার্মানি! ভুলে যাওয়া সেই স্বাদ ফিরে পেতে উন্মুখ ইউলিয়ান নাগেলসমানের দল।
ফুটবলের আঙিনায় সবকিছু কত দ্রুত বদলে যেতে পারে, তা বুঝি কদিন আগের জার্মানি ও স্পেনের নড়বড়ে অবস্থান আর এখন তাদের ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনা দেখলেই বোঝা যায়। তিন সপ্তাহেরও কম সময়ে কেবলই ‘নামে-ভারে শক্তিশালী’ থেকে সত্যিকারের ফেভারিট হয়ে উঠেছে দল দুটি। ফুটবলপ্রেমীদের জন্য একটা আফসোসের কারণও অবশ্য তৈরি হয়ে গেছে; ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচেই যে শেষ হয়ে যাবে তাদের একটির পথচলা!
দিন যত গড়াচ্ছে, স্পেন হয়ে উঠছে আরও দুর্বার। ছুটছে অজেয় জার্মানিও। এবারের আসরের আয়োজক তারা, ঘরের মাঠে খেলার সুবিধাও পাবে। হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে তাই উঁকি দিচ্ছে একটি প্রশ্নও; স্পেনের বিপক্ষে জার্মানি কি এবার পারবে তাদের জয়খরা কাটাতে? যে স্বাদ তারা সবশেষ পেয়েছিল সেই ১৯৮৮ সালে!
আসরের শুরু থেকে যে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে জার্মানি, তাতে মাস কয়েক আগের তাদের বিবর্ণ পারফরম্যান্সও মনে হয় যেন সুদূর অতীত। আর স্পেন? এবারের ইউরোর সবচেয়ে সাড়া জাগানো দল তারাই। নামের বিচারে তো বরাবরই বড় এক দল। কাগজে-কলমে শক্তির বিচারে তাদের পেছনে রাখার জো নেই। কিন্ত, সম্ভাবনার প্রশ্নে তাদের নিয়ে খুব বেশি আশা ছিল না টুর্নামেন্ট শুরুর দিকে। সেই তারাই ধারাবাহিকভাবে দুর্দান্ত সব পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে।
ইউরোপ সেরা প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দলও এই দুটি। সমান তিনবার করে চ্যাম্পিয়ন তারা। আসরের এ পর্যন্ত পারফরম্যান্সের বিচারে, এবারের ফাইনালে এই দুই দল মুখোমুখি হলেই হয়তো সবচেয়ে ভালো হতো।
সেটাই হয়ে যাচ্ছে আগেভাগে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে তারা। স্টুটগার্টে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
দেশের মাটিতে, গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে খেলার সুবিধা থাকায় জার্মানি কোচ নাগেলসমান অবশ্য আগে থেকেই আশার বানী শুনিয়ে আসছিলেন। কিন্তু, গত কয়েক বছরে তাদের পারফরম্যান্সের যে দশা ছিল, তাতে দর্শকমনে আস্থার ভিতটা ঠিক শক্ত ছিল না।
কেনই বা থাকবে? ২০১৬ সালের ইউরোয় সবশেষ বড় কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠেছিল জার্মানি। প্রতিযোগিতাটির পরের আসরে কোনোমতে গ্রুপ পর্ব পার হলেও বিদায় নেয় শেষ ষোলো থেকে। এর আগে-পরের দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের বৈতরণীই পার হতে পারেনি তারা।
কিন্ত এই জার্মানি বছরের শুরু থেকে দারুণ ছন্দে এগিয়ে চলেছে। অপরাজেয় যাত্রায় স্কটল্যান্ডকে ৫-১ গোলে গুঁড়িয়ে আসর শুরু, পরের ম্যাচে হাঙ্গেরিকে হারিয়ে নিশ্চিত করে নকআউট পর্বে খেলা। গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হারের মুখ থেকে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে হার না মানসিকতারও পরিচয়ও নাগেলসমানের দল দেয় ১-১ ড্র করে। আর সবশেষ, শেষ ষোলায় দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে ২-০ গোলে কোয়ার্টার-ফাইনালের মঞ্চে জার্মানি।
এ পর্যন্ত স্প্যানিশদের পারফরম্যান্স তো আরও দুর্দান্ত। টুর্নামেন্টের আগের দুই প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ গোল করা দলটির ইউরো যাত্রা শুরু ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে। এরপর ইতালি ও আলবেনিয়াকে হারিয়ে একমাত্র দল হিসেবে শতভাগ সাফল্য নিয়ে ওঠে শেষ ষোলোয়। যেখানে তারা আসরের চমক জর্জিয়াকে কোনো পাত্তাই দেয়নি, ভয়ানক সুন্দর ফুটবলে হারিয়ে দেয় ৪-১ গোলে।
দুই ফেভারিটের ম্যাচটি ঘিরে শুরু হয়ে গেছে কথার লড়াইও। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে যেমন একরকম হুঙ্কারই দিয়েছেন।
“আমি কাউকে অসম্মান করতে চাই না। তবে, এই টুর্নামেন্টে আমাদের দলই সেরা। আমরা এর জন্য লড়াই করব এবং আমরা জানি, আমাদের সামনে কারা আছে, জার্মানি।”
“জার্মান মেশিন বেশ সুপরিচিত। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু, আমরা আমাদের খেলা নিয়ে আত্মবিশ্বাসী।”
২০১৪ বিশ্বকাপ জয়ের পর আর কোনো সাফল্য পায়নি জার্মানি। এক দশকের খরা কাটাতে মরিয়া হয়ে থাকা দলটিও প্রতিপক্ষের দিকে কথার তীর ছুঁড়তে ভুল করেনি। অধিনায়ক ইলকাই গিনদোয়ানও দিয়েছেন আক্রমণাত্মক ফুটবলের বার্তা।
“স্পেনের বিপক্ষে লড়াইয়ে আমাদের লুকিয়ে থাকা ঠিক হবে না। দল হিসেবে আমরা তাদের সমানতালে আক্রমণ শাণাতে পারি। আমাদেরও অসাধারণ সব খেলোয়াড় আছে।”
“আমি মনে করি, স্পেন জনসম্মুখে যতটা না দেখাবে, তার চেয়ে বেশি সম্মান তারা আমাদের করে।”
মুখোমুখি লড়াইয়েও দল দুটি প্রায় সমানে-সমান। অবশ্য সামান্য এগিয়ে জার্মানি; ২৬ ম্যাচে ৯টি জিতেছে তারা, স্পেন ৮টি, বাকি ৯ ম্যাচ ড্র।
তবে, টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে জার্মানদের অভিজ্ঞতা মোটেও ভালো নয়। প্রায় তিন যুগ ধরে কোনো প্রতিযোগিতায় স্পেনের বিপক্ষে জয় নেই তাদের। সবশেষ, ১৯৮৮ সালের ইউরোর গ্রুপ পর্বে স্প্যানিশদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তৎকালীন পশ্চিম জার্মানি।
এরপর ইউরো, নেশন্স লিগ ও বিশ্বকাপ মিলিয়ে ছয়বারের দেখায় একবারও জিতে মাঠ ছাড়তে পারেনি জার্মানি। এর মধ্যে ২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপের সেমি-ফাইনালে হারের তেতো স্বাদ রয়েছে। এছাড়া, ২০২০ সালে নেশন্স লিগের ম্যাচে ৬-০ গোলের বিব্রতকর পরাজয়ও তাদের সঙ্গী।
গত কয়েক বছরের হতাশায় প্রলেপ দিতে কিংবা ৩৬ বছরের খরা কাটাতে নাগেলসমানের দল পারবে কিনা-সেটা সময়ই বলবে। তবে আপাতত ফুটবলপ্রেমীদের অপেক্ষা, অসাধারণ ফর্মে ছুটে চলা দুই দলের এক রুদ্ধশ্বাস লড়াইয়ের।
