‘পাকিস্তানের বিপক্ষে রক্ষণে ভুল করা যাবে না’
ভারতের বিপক্ষে পাকিস্তানের গতিময় ফরোয়ার্ডদের খেলা দেখে শামসুন্নাহার সিনিয়রের মনে হচ্ছে, এবার তাদের সতর্ক থাকতে হবে বেশি।
পাকিস্তানের খেলা দেখে নিজেদের জন্য কিছুটা বিপদের আভাস চোখে পড়েছে শামসুন্নাহার সিনিয়রের। সাফ জয়ী বাংলাদেশের এই ডিফেন্ডারের মনে হচ্ছে, আগের চেয়ে অনেক উন্নতি করেছে পাকিস্তান। গতবার উড়িয়ে দেওয়া দলটির বিপক্ষে এবার বেশ সতর্ক থাকতে হবে তাদের। ভুল করা যাবে না কোনোভাবেই, বিশেষ করে রক্ষণে।
শিরোপা জয়ের পথে গতবার পাকিস্তানকে গোলের মালা পরিয়েছিল বাংলাদেশ। জিতেছিল ৬-০ ব্যবধানে। নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মুকুট ধরে রাখার লড়াইয়ে নামবেন শামসুন্নাহাররা।।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৫-২ গোলে হেরে এবারের আসর শুরু করা পাকিস্তানের আক্রমণভাগের শক্তির আঁচ কিছুটা মিলেছে। সুহা হিরানি, কাইলা মারি সিদ্দিকি ভারতের বিপক্ষে গোল করেছেন। প্রতিপক্ষের আক্রমণভাগের গতিময় খেলোয়াড়দের নিয়ে তাই সাবধানী শামসুন্নাহার, যার কাঁধে এবার থাকবে রক্ষণ আগলে রাখার দায়িত্ব।
ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের রক্ষণের পরিকল্পনা কী থাকবে?
শামসুন্নাহার সিনিয়র: যেহেতু আমরা কালকের ম্যাচ দেখেছি, ভারতের বিপক্ষে খেলেছে পাকিস্তান, ওরা কিন্তু খুবই ভালো খেলেছে। আমরা পাকিস্তানকে আগে যতটা দুর্বল ভেবেছিলাম, ওদের খেলা দেখে কিন্তু মনে হয়নি ওরা দুর্বল। তারা শক্তিশালী। (ম্যাচ দেখার পর) আমাদের পরিকল্পনা হয়তো বদলাতে (পারে)… আমরা ভালোভাবে ওদের সাথে খেলব। ওরা কীভাবে খেলেছে, আমরা দেখেছি, আমরাও সেভাবে ওদের বিপক্ষে খেলব, যেন আমরা তাদের বিপক্ষে জিততে পারি।
গতবার পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিলেন…এবার?
শামসুন্নাহার: এটা আসলে ওভাবে বলা যায় না, কেননা, পাকিস্তান অনেক উন্নতি করেছে। তাদের খেলায় বোঝা গেছে, তারা উন্নতি করেছে। ভারতের মতো দলের বিপক্ষে পাঁচ গোল খেয়েছে, কিন্তু দুই গোল দিয়েছে, যদি বিরতির আগে ওরা চার গোল না খেতো, তাহলে প্রতিদ্বন্দ্বিতা হতো। আমার কাছে এটাই মনে হচ্ছে।
তাহলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ডিফেন্ডাররে জন্য কতটুকু চ্যালেঞ্জিং?
শামসুন্নাহার: ভারতের বিপক্ষে পাকিস্তান গোলের অনেক সুযোগ পেয়েছিল, ওরা কিন্তু মিস করেছে। ওরা গোলগুলো দিতে পারত, তাহলে পাকিস্তানই জয়ী হতো। সহজ সহজ সুযোগ পাকিস্তান মিস করেছে। আমাদের ক্ষেত্রেও যদি এমনটা হয়… আমরা চেষ্টা করব গোল না খেতে। ডিফেন্ডার হিসেবে আমাদের দায়িত্ব, সেটা আমরা অবশ্যই পালন করব।
আপনাদের ডিফেন্ডারদের ঘরোয়া আলাপেও কি এই বিষয় নিয়ে কথা হচ্ছে?
শামসুন্নাহার: কীভাবে রক্ষণ সামলাবো কোচ আমাদের সে পরিকল্পনা দেখাচ্ছেন। কীভাবে ডিফেন্ড করলে গোল খাবো না, সেই অনুযায়ী চেষ্টা করব। আমরা নিজেরা ভাবছি, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলব, কোনো ভুল করব না। ভুল করলেই তো গোল হবে…তাই ভুল করা যাবে না।
গত আসরে চার ম্যাচ ক্লিনশিট রাখার পর ফাইনালে এসে প্রথম গোল হজম করেছিলেন…
শামসুন্নাহার: আসলে গত সাফ আর এবারের সাফের মধ্যে অনেক পার্থক্য। আগের সাফে যেমন দলে আঁখি (খাতুন) ছিলেন, স্বপ্না (সিরাত জাহান) ছিলেন, ছোটন (গোলাম রব্বানী) স্যার ছিলেন, তাদের খুব মিস করছি। সত্যি বলতে আমাদের আগের পরিকল্পনাই অন্যরকম ছিল।
আঁখি যেহেতু নেই, এটা আপনাদের জন্য বাড়তি চাপ কিনা?
শামসুন্নাহার: আঁখি নেই, কিন্তু তার জায়গায় প্রান্তি (আফিদা খন্দকার), কোহাতি (কিসকু) যেই খেলুক না কেন, আঁখির জায়গা পূরণ করতে পারবে কিনা বলতে পারছি না; তবে তারা চেষ্টা করবে।
তাহলে পাকিস্তান ম্যাচ নিয়ে কি ডিফেন্ডাররা চাপ অনুভব করছে?
শামসুন্নাহার: ম্যাচের আগে তো অবশ্যই একটা চাপ থাকে, ভালো খেলতে হবে, দেশের জন্য খেলছি, ভালো কিছু করতে হবে।
