২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক সম্রাটের মৃত্যুতে মেক্সিকোয় ফুটবল ম্যাচ স্থগিত

মেক্সিকোর সেনাবাহিনী মাদক সম্রাট নেমেসিও ওসেগেরা সের্বান্তেসকে হত্যার পর উত্তপ্ত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মাদক সম্রাটের মৃত্যুতে মেক্সিকোয় ফুটবল ম্যাচ স্থগিত
সেনাবাহিনীর হাতে মাদক সম্রাটের মৃত্যুর পর, ওই মাদক চক্র আটটি অঙ্গরাজ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়, সড়ক অবরোধ করে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 07:16 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

যে শহরে বসবে ২০২৬ বিশ্বকাপের ম্যাচে, মেক্সিকোর সেই গুয়াদালাহারার কাছাকাছি শহর হালিস্কোর মাদক সম্রাট নেমেসিও ওসেগেরা সের্বান্তেসকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এতে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির প্রভাব পড়েছে ফুটবল মাঠেও। লিগের চারটি ম্যাচ স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি লিখেছে, ‘এল মেনচো’ নামে পরিচিত মোস্ট ওয়ান্টেড সের্বান্তেসকে গ্রেপ্তার করতে রোববার হালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহরে অভিযানে গিয়েছিল সেনাবাহিনী। তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তার সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। সে সময় গুরুতর আহত সের্বান্তেস পরে মারা যান বলে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর দেয়।

ওই অভিযানে সিজেএনজি’র (হালিস্কো নিউ জেনারেশন, মাদক চক্র) চার সদস্যও নিহত হয়েছেন। তিন সেনাসদস্যও আহত হয়েছেন। বদলা হিসেবে সিজেএনজি আটটি অঙ্গরাজ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়, সড়ক অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

উত্তপ্ত পরিস্থিতিতে শীর্ষ পর্যায়ের ছেলেদের লিগে একটি, উইমেন’স লিগে একটি এবং দ্বিতীয় বিভাগের দুটি ম্যাচ স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।

মেক্সিকো জাতীয় ফুটবল দল আগামী বুধবার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কুয়েরেতারোয়। এই ম্যাচটিও স্থগিত কিনা, সে ব্যাপারে মেক্সিকো ফুটবল ফেডারেশন এখনও কিছু জানায়নি।

গুয়াদালাহারায় আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া, স্পেন, উরুগুয়ে, কলম্বিয়াসহ স্বাগতিক মেক্সিকোর ম্যাচ আছে এখানে।