Published : 24 Sep 2022, 02:15 PM
বছরের পর বছর পেরিয়ে গেছে। গড়িয়ে গেছে দেড় যুগের বেশি সময়। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দেখা পাচ্ছে না আর্সেনাল। তবে এবার সেই খরা ঘোচানোর আশা দেখছেন আর্সেন ভেঙ্গার। ক্লাবের এই কিংবদন্তি কোচের বিশ্বাস, এই মৌসুমেই তার পুরনো ক্লাব আবার পেতে পারে ভুলে যাওয়া সেই স্বাদ।
যদিও মৌসুমের এখন কেবলই শুরু। বহু পথ পাড়ি দেওয়া বাকি এখনও। অনেক ওলট-পালট হবে, অনেক প্রতিবন্ধকতা, চমক আসবে। তবে মৌসুমের শুরুটা দেখেই আর্সেনালকে নিয়ে এমন সাহস দেখতে পারছেন ভেঙ্গার। স্কাই স্পোর্টসে তিনি শোনালেন নিজের আশার কথা।
“আমি তো মনে করি, এই মৌসুমে তাদের ভালো সম্ভাবনা আছে, কারণ এখনও পর্যন্ত এককভাবে দারুণ দাপুটে কোনো দল দেখছি না। আমার বিশ্বাস, এই মৌসুমে তাদের ভালো সুযোগ আছে।”
ভেঙ্গারের কোচিংয়েই সবশেষ লিগ শিরোপা ঘরে তুলেছিল আর্সেনাল। সেটি সেই ২০০৩-০৪ মৌসুমে। এরপর ফুটবল বিশ্বে বদলে গেছে অনেক কিছু। বদলায়নি আর্সেনালের ভাগ্য।
এবার অন্তত শুরুর দিকে তাদের খেলায় সেই ভাগ্য বদলের ইঙ্গিত। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের।
অন্য বড় ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে পাঁচে, ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে চেলসি। গত মৌসুমে শেষ দিন পর্যন্ত শিরোপা লড়াইয়ে সিটিকে চাপে রাখা লিভারপুল এবার বাজে শুরু করে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে আটে।
এই মৌসুমে অবশ্য অনেক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বিশ্বকাপের কারণে। প্রথমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে নভেম্বর-ডিসেম্বরে, ক্লাব মৌসুমের মাঝখানে। ফুটবলারের চোট-আঘাতের শঙ্কা, ছন্দ ও গতি হারানো হারানোর শঙ্কা, ক্লান্তি-শ্রান্তি, সবকিছু মিলিয়ে বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যেতে পারে।
সেই শঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না ভেঙ্গারও। তবে তাতেও আর্সেনালকে নিয়ে তার আশায় ভাটা পড়ছে না।
“অবশ্যই এই মৌসুম একটু আলাদা, কারণ মাঝপথে বিশ্বকাপ আছে। কেউ জানে না, বিশ্বকাপের কারণে ফুটবলারদের ব্যক্তিগত পারফরম্যান্সে ও ক্লাবে প্রভাব কতটা পড়বে। তবে তার পরও আমি মনে করি, তাদের (আর্সেনাল) লিগ জয়ের ভালো সুযোগ এবার আছে।”
ভেঙ্গারের কোচিংয়ে ১৯৯৭-৯৮, ২০০১-০২ ও ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। টানা প্রায় ২২ বছর এই ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করে তিনি বিদায় নেন ২০১৮ সালে।