২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎকণ্ঠা নিয়ে প্লে অফের দিকে তাকিয়ে ইতালি

গত দুই বিশ্বকাপ বাছাইয়ে প্লে অফ পর্বে ভেঙেছিল ইতালির স্বপ্ন, এবার ভাগ‍্য বদলের আশায় চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

উৎকণ্ঠা নিয়ে প্লে অফের দিকে তাকিয়ে ইতালি
নরওয়ের বিপক্ষে হেরে হতাশ ইতালির ফুটবলাররা। ছবি: রয়টার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 03:37 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

একরাশ হতাশা নিয়ে সান সিরো থেকে বেরিয়ে এলেন ইতালির সমর্থকরা। টানা তৃতীয়বার প্লে অফে তীব্র স্নায়ু চাপের মুখোমুখি হওয়ার চ‍্যালেঞ্জ দেশটির সামনে। ভাগ‍্যবদলের আশায় সেই দিকে তাকিয়ে চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। 

২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে নরওয়ের বিপক্ষে ৯ গোলের ব‍্যবধানে জিততে হতো ইতালির। এতো বড় ব‍্যবধানে জয়ের বাস্তবিক কোনো সম্ভাবনা তাদের ছিল না। কিন্তু দলটি সান্ত্বনার জয়টিও পায়নি। উল্টো হেরেছে ৪-১ ব‍্যবধানে। 

চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা তাদের সবশেষ শিরোপা জেতে ২০০৬ সালে। পরের দুই আসরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। আর শেষ দুই আসরে তো বাছাইয়েই শেষ তাদের বিশ্বকাপ। টানা তৃতীয়বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারার শঙ্কা তাদের সামনে। সেটি এড়াতে জিততেই হবে মার্চের প্লে অফ পর্বে।

গত দুই আসরে এই প্লে অফ পর্বেই ব‍্যর্থ হয়েছিল ইতালি। ২০১৮ আসরের প্লে অফে দুই লেগের লড়াইয়ে সুইডেনের বিপক্ষে হারে তারা। পরেরবার বিস্ময়করভাবে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হেরে যায় ইতালি। সেই ম‍্যাচে জিতলে অবশ‍্য পরে পর্তুগালের মুখোমুখি হতে হতো তাদের। 

নরওয়ের বিপক্ষে ইতালির হারের পর ৫৪ বছর বয়সী পরামর্শক লুকা রাজ্জির কণ্ঠে ফুটে উঠল হতাশা ও উৎকণ্ঠা।

“ইতালিকে টানা তিনটি বিশ্বকাপে না দেখা হবে হতাশাজনক। প্রায় যেন টানা পাঁচটি, কারণ ২০১০ ও ২০১৪ আসরে আমরা গ্রুপ পর্ব পার হতে পারিনি।”

গত জুনে নরওয়ের বিপক্ষে ৩-০ ব‍্যবধানে হারের পর ইতালির ভক্তদের মনে শঙ্কা জমে, হয়তো দল সরাসরি বিশ্বকাপে যেতে পারবে না। ওই হারের পথ ধরে চাকরি হারান লুসিয়ানো স্পালেত্তি, তার জায়গায় আসেন জেন্নারো গাত্তুসো। 

যে ইতালিয়ানরা দলকে ১৯৮২, ১৯৯৪ ও ২০০৬ আসরে ফাইনালে খেলতে দেখে বেড়ে উঠেছেন, তারা এখন দেখছেন বিশ্বমানের খেলোয়াড়দের ঘাটতি। ব‍্যতিক্রম কেবল গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। 

৫৭ বছর বয়সী সাংবাদিক আন্দ্রেয়া সারোন্নি রয়টার্সকে বলছিলেন নরওয়ের বিপক্ষে ম‍্যাচ নিয়ে নিজের অভিজ্ঞতা। 

“এই ম‍্যাচ ছিল আমার ১০ বছর বয়সী ছেলের জন‍্য জন্মদিনের উপহার। সে ইতালিকে খেলতে দেখে খুশি, যদিও সে বেশি রোমাঞ্চিত ছিল হলান্ডকে দেখে।”  

বয়স্ক সমর্থকরা দেখছেন যে, অনেক ইতালিয়ান শিশু দলকে এখনও বিশ্বকাপে খেলতেই দেখেনি। কেউ কেউ মনে করেন, ইতালির প্রতিপক্ষ দলগুলো খেলার দিক থেকে অনেক ভালো অবস্থানে আছে এবং উঠতি প্রতিভাদের ঠিকভাবে বেড়ে উঠতে দিচ্ছে। সারোন্নি প্রশ্ন তুললেন খেলোয়াড়দের নিবেদন নিয়েই।

“এটা একই সঙ্গে খেলোয়াড়দের সংস্কৃতির ব‍্যাপারও। অন‍্য দেশগুলোতে জাতীয় দলে ভালো করা অর্থবহ; কিন্তু আমাদের খেলোয়াড়দের ক্ষেত্রে মনে হচ্ছে, তারা নিজেদের খেলায় উন্নতি করার কোনো অনুপ্রেরণাই পাচ্ছে না।”

চার বছর আগে বাছাই পর্বে সুইজারল‍্যান্ডের পেছনে থেকে রানার্সআপ হয় ইতালি। প্লে-অফ সেমি-ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পায় শক্তি, ইতিহাস ও ঐতিহ‍্যে অনেক পিছিয়ে থাকা নর্থ মেসিডোনিয়াকে। সব হিসাব এলোমেলো করে দিয়ে যোগ করা সময়ে হেরে যায় ইতালি।

২০১৮ সালে স্পেনের পেছনে থেকে বাছাই পর্ব শেষ করে ইতালি। সুইডেনের বিপক্ষে ১-০ গোলের হারে শেষ হয় জানলুইজি বুফ্ফনের আরেকটি বিশ্বকাপে খেলার স্বপ্ন। সেদিনের কথা মনে পড়ছে রেজ্জির। 

“সেদিনও আমি এখানে ছিলাম, যখন সুইডেনের বিপক্ষে আমরা সুযোগ হারালাম। বিশ্বকাপের বাইরে থাকার ব‍্যাপারটা আপনি কল্পনা করতে পারবেন না। আমরা সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, এখন এটা স্বাভাবিক মনে হচ্ছে।”

দুই বিশ্বকাপ বাছাই পর্বে ব‍্যর্থতার মাঝে ২০২১ সালে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপে শিরোপা জেতে ইতালি। সেই পারফরম‍্যান্সের জন‍্য ভক্তদের কেউ কেউ আশাবাদী, এবার প্লে অফের কঠিন বাধা পার হতে পারবে ইতালি।