২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়ালে ব্যালন দ’র জিতবেন এমবাপে, বিশ্বাস রোনালদোর

রেয়াল মাদ্রিদকে ‘সর্বকালের সেরা ক্লাব’ উল্লেখ করে পর্তুগিজ মহাতারকা আশা প্রকাশ করেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে সফল হবেন এমবাপে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 08:21 AM

Updated : 26 Aug 2026, 10:27 AM

রেয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপে খুব ভালো করবেন বলে মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো। দলটির সাবেক এই ফরোয়ার্ডের বিশ্বাস, খুব শিগগিরই ব্যালন দ’র জিতবেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।

পিএসজি ছেড়ে গত জুনে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রেয়ালে নাম লেখান এমবাপে। ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতে অভিষেক ম্যাচেই তিনি পান শিরোপার স্বাদ। আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয়ের ম্যাচটিতে একটি গোলও করেন তিনি। 

তবে লা লিগায় প্রথম তিন ম্যাচে তিনি থাকেন গোলহীন। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সবশেষ ম্যাচে রেয়াল বেতিসের বিপক্ষে অবশ্য জোড়া গোল করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

নিজের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপচারিতায় রোনালদো আশা প্রকাশ করেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে সফল হবেন এমবাপে। 

“আমি মনে করি, (এমবাপে) ভালো করবে। এই ক্লাবের কাঠামো... চমৎকার, ভালো। তাদের একজন দুর্দান্ত কোচ (কার্লো আনচেলত্তি) ও প্রেসিডেন্ট আছেন, ফ্লোরেন্তিনো (পেরেস), যিনি বহু বছর ধরে আছেন। আমি মনে করি তার (এমেবাপে) প্রতিভার কারণে (সফল হতে) তেমন সমস্যা হবে না। এমবাপে হতে পারে পরবর্তী গোল্ডেন বল (ব্যালন দ’র) জয়ী। তার সঙ্গে সম্ভাবনায় (আর্লিং) হলান্ড, (জুড) বেলিংহ্যাম, লামিনে (ইয়ামাল) আছে।”

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল। সাফল্যের বিচারে স্প্যানিশ দলটির ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার জিতেছে এসি মিলান। রোনালদোর মতে, রেয়ালের আবহটাই অন্যরকম।

“মাদ্রিদ এমন একটি দল, যারা চাপের মধ্যে তাড়াহুড়ো করে না। লোকেরা বলে যে তারা চ্যাম্পিয়ন্স (লিগে) ভাগ্যবান। না, তারা ভাগ্যবান নয়। তারা এই ধরনের মুহূর্তের জন্য প্রস্তুত। বের্নাবেউয়ে সেই ভিন্ন আবহ আছে।”

“এখন যদি বলেন যে মাদ্রিদ ভালো করবে কি-না, আমরা জানি না। এখন এমবাপে আছে, আমি মনে করি মাদ্রিদ শক্তিশালী থাকবে, কিন্তু আমি জানি না তারা গত বছরের চেয়ে ভালো করবে কিনা। একমাত্র ঈশ্বর জানেন।”

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রেয়াল। এই মৌসুমে লা লিগায় প্রথম চার ম্যাচের মধ্যে তাদের জয় ও ড্র সমান দুটি করে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে আনচেলত্তির দল।