Published : 16 Nov 2025, 05:39 PM
আলো ছড়িয়েছে আক্রমণভাগ-মাঝমাঠ, দৃঢ়তা দেখিয়েছে রক্ষণভাগ, দলের কাছে আর কী চাইতে পারেন একজন কোচ? সেনেগালের বিপক্ষে এস্তেভোঁ, এদের মিলিতাও, কাসেমিরোদের খেলা দেখে তৃপ্ত কার্লো আনচেলত্তি।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রীতি ম্যাচে ব্রাজিলের জয় ২-০ গোলে। প্রথমার্ধে গোল দুটি করেন তরুণ ফরোয়ার্ড এস্তেভোঁ ও অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।
সেনেগালের বিপক্ষে আগের দুইবারের দেখায় একটি করে ড্র ও হারের পর, এবারই প্রথম জয় পেল ব্রাজিল। ছেলেদের পারফরম্যান্সে অনেক ইতিবাচক দিক দেখতে পেয়েছেন, বললেন আনচেলত্তি।
“রক্ষণে একাগ্রতার দিক থেকে এটা ছিল খুব সুন্দর একটি ম্যাচ। ওদের খেলা আমার ভালো লেগেছে। আমাদের পরিকল্পনা ছিল, একই সঙ্গে ভালো ও মানসম্পন্ন ফুটবল খেলা, রক্ষণে মনোযোগী থাকা এবং সব খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছে। প্রথমার্ধে প্রচুর চাপ ছিল…দ্বিতীয়ার্ধে অবশ্য প্রথমার্ধের মতো অত বেশি চাপ নিয়ে খেলা দরকার ছিল না আমাদের। আক্রমণভাগের খেলোয়াড়দের মান পার্থক্য গড়ে দিয়েছে।”
গাব্রিয়েল মাগালিয়াইস দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়লে তার জায়গায় ম্যাচের বাকি সময় রাইট-ব্যাক হিসেবে খেলেন মিলিতাও। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দারুণ খুশি আনচেলত্তি।
“আমার মনে হয়, ডান দিকে মিলিতাও ও এস্তেভোঁ জুটি দারুণ কাজ করেছে। মিলিতাও অসাধারণ শারীরিক ও মানসিক অবস্থায় আছে। আমার মনে হয়, দুই বছর খেলার বাইরে থাকায় মানসিক দিক থেকে সে আরও পরিণত হয়েছে। এই মানসিকতা নিয়ে সে সব পজিশনে খেলতে পারবে। রাইট-ব্যাক হিসেবে সে খুব ভালো, দল ছিল খুবই নিরেট এবং আমরা সন্তুষ্ট।”
ব্রাজিলের হয়ে সবশেষ ৫ ম্যাচে ৪ গোল করা এস্তেভোঁরও উচ্ছ্বসিত প্রশংসা করলেন এই ইতিলিয়ান কোচ।
“এমন একজন তরুণ খেলোয়াড়ের মাঝে এই ধরনের প্রতিভা দেখাটা বিস্ময়কর। সবকিছুতে সে খুবই সতর্ক ও নিখুঁত এবং খুবই তীক্ষ্ণ বুদ্ধির। তার উপস্থিতিতে ব্রাজিলের ভবিষ্যৎ নিরাপদ।”
আনচেলত্তির কোচিংয়ে আগামী মঙ্গলবার অষ্টম ম্যাচ খেলবে ব্রাজিল, তিউনিসিয়ার বিপক্ষে।