‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত
ইংল্যান্ড দলে কেইনের উপস্থিতিই প্রতিপক্ষের জন্য হুমকি হিসেবে দেখছেন তার সতীর্থ ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও লুক শ।
বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই চিন্তিত নন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও লুক শ। কঠিন সময়ে অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ইংলিশ দুই ফুটবলার। কেইনের নেতৃত্বের প্রশংসা করার পাশাপাশি দলে তার উপস্থিতিই প্রতিপক্ষের জন্য হুমকি মনে করছেন তারা।
চলতি ইউরোতে এখন পর্যন্ত স্রেফ দুইবার জালের দেখা পেয়েছেন কেইন। যার একটি গ্রুপ পর্বে ডেনমার্কের বিপক্ষে ড্র করার ম্যাচে। শেষ ষোলোয় রোমাঞ্চকর লড়াইয়ে অতিরিক্ত সময়ে তার গোলেই স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ড।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে গোলের স্রোত বইয়ে দেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেন তারকা এই ফরোয়ার্ড। তার কাছে ইউরোতে তাই আরও ভালো পারফরম্যান্সের আশায় আছেন ইংলিশ সমর্থকরা। কিন্তু নিজের নামের সুবিচার এখনও করতে পারেননি অধিনায়ক।
ইউরোতে কেইনের পারফরম্যান্স নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তার খেলায় গতি অভাব, সুযোগ কাজে লাগানো বা সুযোগ তৈরি করতে না পারা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে তাকে বাদ দেওয়ার নিয়েও হচ্ছে কথা।
কঠিন এই পরিস্থিতিতে কেইনের হয়ে কথা বলেছেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ইংলিশ এই ডিফেন্ডারের মতে, যে কোনো পরিস্থিতিতে সুযোগ তৈরি করে নিতে সক্ষম আন্তর্জাতিক ফুটবলে দেশটির সর্বোচ্চ গোল স্কোরার।
“ইংল্যান্ডের মুখোমুখি হতে যাওয়া যেকোনো দল হ্যারি কেইন খেলছে না এটা দেখতে চাইবে। সে যেকোনো দলের জন্য হুমকি। বক্সের ভেতরে এবং আশেপাশে যেকোনো পজিশনে তার পায়ে বল গেলে, আপনাকে সর্বোচ্চ সতর্ক হতে হবে।”
“সে সব দিক থেকেই ফিনিশ করতে পারে। আমি সব সময় বলি, আমার দেখা বা এক সঙ্গে খেলেছি এমন ফিনিশারদের মধ্যে সে-ই সেরা। সে নিচে নেমে খেলা গুছিয়ে দিতে পারে এবং তার হোল্ড-আপ প্লে অবিশ্বাস্য।”
ইউরোর গত আসরে ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ইংল্যান্ডের। আরেকবার শিরোপা লড়াইয়ের মঞ্চে খেলার সুযোগ হাতছানি দিচ্ছে তাদের। সেই লক্ষ্য পূরণে বুধবার শেষ চারে ডাচদের হারাতে হবে দলটিকে।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে চোট কাটিয়ে ফেরা আরেক ইংলিশ ডিফেন্ডার লুক শর চোখে, কেইন বিশ্ব-মানের ফুটবলার।
“যেকোনো সময় সে গোল করে পার্থক্য গড়ে দিতে পারে। সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, সে আমাদের অধিনায়ক।”
“আপনি তাকে বক্সের মধ্যে এবং তার আশেপাশে সময় দিলে সে গোল করবে। আমরা জানি সে সুযোগ কাজে লাগায়, এটি প্রতিদিন দেখছি, তা মান সম্পর্কে আমরা অবগত, সে দলে কী নিয়ে আসে এবং তার মাঠে থাকা খুব গুরুত্বপূর্ণ।”
পারফরম্যান্সে ছন্দ খুঁজে না পেলেও কেইনের মাঝে কোনো হতাশা দেখেন না শ। বললেন, আগের মতোই সেরাটা দেওয়ার মানসিকতায় আছেন তার সতীর্থ।
“তার মধ্যে কোনো হতাশা দেখছি না। সে একই হ্যারি, যেমনটা ক্যাম্পের শুরু থেকে ছিল, কিছুই বদলায়নি।”
