১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘শ্রেয়তর দলই জিতেছে,’ দ. কোরিয়ার বিপক্ষে হেরে বললেন চেকিয়া কোচ

এই হার ভুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম‍্যাচে মনোযোগ দিতে চান মিরোস্লাভ কৌবেক।

‘শ্রেয়তর দলই জিতেছে,’ দ. কোরিয়ার বিপক্ষে হেরে বললেন চেকিয়া কোচ
চেকিয়া কোচ মিরোস্লাভ কৌবেক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 04:34 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

হার দিয়ে আসর শুরু করলেও খেলোয়াড়দের প্রশংসা করেছেন চেকিয়া কোচ মিরোস্লাভ কৌবেক। তার মতে, শ্রেয়তর দল হিসেবেই জিতেছে দক্ষিণ কোরিয়া। প্রতিযোগিতায় টিকে থাকার জন‍্য আক্রমণে চেকিয়ার খেলোয়াড়দের আরও ধারাল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। 

খেলার ধারার বিপরীতে এগিয়ে গিয়েও জিততে পারেনি কৌবেকের দল। মেক্সিকোর গুয়াদালাহারার সোপোপানে শুক্রবার ২-১ গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরেছে তারা। 

ছয় ম‍্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে নেমেছিল ইউরোপের দলটি। হারের পর স্বাভাবিকভাবেই হতাশ কোচ কৌবেক।

“আমরা সত‍্যিই কিছু ভুল করেছি এবং সুযোগও তৈরি করেছি। আমাদের প্রতিপক্ষ খুব গতিময় ছিল। শ্রেয়তর দলই জিতেছে।”

“আমাদের লড়াই করতে হতো এবং আমরা সেটা করেছি। এখন আমাদের এগিয়ে যেতে হবে। শেষ ৩০ মিনিটে আমাদের আরও আক্রমণাত্মক এবং সৃষ্টিশীল হতে হবে। আক্রমণের ক্ষেত্রে আমাদের আরও উন্নতির সুযোগ আছে।”

আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেকিয়া। নিজেদের প্রথম ম‍্যাচ হেরে যাওয়ায় টিকে থাকতে ওই ম‍্যাচ গুরুত্বপূর্ণ দুই দলের জন‍্যই। এখনই ওই ম‍্যাচ নিয়ে ভাবতে শুরু করেছেন চেকিয়া কোচ। 

“কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হব আমরা। আমরা কেবল কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেললাম। শেষ পর্যন্ত খেলার বাধ‍্যবাধকতা ছিল আমাদের, এটা পরিষ্কার যে খেলোয়াড়রা ক্লান্ত।”

৭৪ বছর বয়সী কৌবেকের কোচিংয়ে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল চেকিয়া। তবে এই ম‍্যাচ থেকেও ইতিবাচক কিছু ব‍্যাপার চোখে পড়েছে তার। মেক্সিকো থেকে এখন যুক্তরাষ্ট্রে যেতে হবে চেকিয়ার খেলোয়াড়দের। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম‍্যাচ শেষে ফিরতে হবে মেক্সিকো সিটিতে, স্বাগতিকদের বিপক্ষে খেলার জন‍্য। এতো দীর্ঘ ভ্রমণ থাকায় ভীষণ হতাশ কৌবেক।

“আমাদের এটা মেনে নিতে হবে। কারণ, অন‍্যরা আমাদের জন‍্য এই পরিকল্পনা করেছে। আমাদের লজিস্টকস দল ভালো তবে এতটা ভ্রমণ আমাদের জন‍্য আদর্শ নয়।”